পাল্টা হামলার আশঙ্কায় ইসরায়েলে জরুরি অবস্থা জারি
উত্তরদক্ষিণ। শুক্রবার (১৩ জুন), ২০২৫, আপডেট, ১১:৩০
ইরানে হামলার পরপরই নিজ দেশে জরুরি অবস্থা জারি করেছে ইসরায়েলি সরকার। প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এ জরুরি অবস্থা ঘোষণা করেন। তিনি বলেন, ‘খুব শিগগিরিই ইসরায়েলের ওপর পাল্টা হামলা’ চালাতে পারে ইরান। ইরানের ওপর যখন হামলা চালানো হয় ইসরায়েলের মানুষ তখন ঘুমাচ্ছিলেন।
জেরুজালেমে অবস্থানরত একজন বিবিসি সংবাদদাতা জানিয়েছেন, সাইরেনের বিকট শব্দে এবং মোবাইলে জরুরি সতর্কবার্তা পেয়ে তারা জেগে ওঠেন।
ইরানের স্থানীয় সময় ভোর ৪টার দিকে তেহরানে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। এর কিছু সময় পর, তেহরানে তখন ভোর ৫টা ৩০ মিনিট এবং ইসরায়েলের অন্যতম প্রধান শহর তেল আবিবে ভোর ৫টা, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী হামলার বিষয়টি নিশ্চিত করেন।
ইরানে ইসরায়েলি হামলার বিষয়ে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ‘যতদিন প্রয়োজন, ততদিন এ হামলা অব্যাহত থাকবে। এই হামলা ইরানের পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচির কেন্দ্রে আঘাত হেনেছে।’ শুক্রবার হামলার পর এক ভিডিও বিবৃতিতে তিনি আরও বলেন, ইসরায়েল ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করেছে।
নেতানিয়াহু বলেন, ‘ইসরায়েলের অস্তিত্বের জন্য’ ইরানি হুমকি প্রতিহত করতে সামরিক অভিযান ‘অপারেশন রাইজিং লায়ন’ শুরু করেছে ইসরায়েল। রাজধানী তেহরান থেকে ২২৫ কিলোমিটার দক্ষিণের শহর নাতানজ্-এ হামলা চালানোর কথা জানান নেতানিয়াহু। এ জায়গাটিকে সমৃদ্ধকরণের মূল এলাকা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ইসরায়েল ‘বোমা তৈরিতে কাজ করা’ ইরানি বিজ্ঞানীদের লক্ষ্যবস্তু করেছে। এই হামলা ‘যত দিন সময় লাগে তত দিন চলবে।’
ইউডি/এবি

