যৌতুকের জন্য স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড
উত্তরদক্ষিণ। বুধবার, ২৩ জুলাই, ২০২৫, আপডেট ০৮:৪০
কক্সবাজারের রামুতে যৌতুকের জন্য স্ত্রীকে গলা কেটে হত্যার ঘটনায় মোহাম্মদ রাশেদ (৩৫) নামে এক যুবককে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) দুপুর ১২টার দিকে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. ওসমান গণি এ রায় ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) মীর মোশাররফ হোসেন টিটু।
দণ্ডপ্রাপ্ত মোহাম্মদ রাশেদ রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের উমখালী এলাকার মৃত নূর আহমদের ছেলে।
এপিপি জানান, ২০১৬ সালের ২৭ জুলাই যৌতুক না পেয়ে স্ত্রী বুলবুল আক্তারকে গলা কেটে হত্যার চেষ্টা চালান রাশেদ। গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে পরদিন চিকিৎসাধীন তার মৃত্যু হয়।
নিহত বুলবুল একই উপজেলার কাউয়ারকোপ ইউনিয়নের ভিলেজাপাড়া এলাকার মৃত আবুল খায়েরের মেয়ে। ঘটনার পর নিহতের ভাই মঈনুল ইসলাম বাদী হয়ে রামু থানায় হত্যা মামলা দায়ের করেন।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে মঙ্গলবার আদালত রায় ঘোষণা করেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রধান আসামি রাশেদকে মৃত্যুদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দেন বিচারক।
তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর দুই আসামি রাশেদের বোন ও ভগিনীপতিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় রাশেদ আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।
ইউডি/কেএস

