ডাকসুর ২৮ পদে লড়বেন ৬৫৮ প্রার্থী, মনোনয়নপত্র জমা বুধবার

ডাকসুর ২৮ পদে লড়বেন ৬৫৮ প্রার্থী, মনোনয়নপত্র জমা বুধবার

উত্তরদক্ষিণ। মঙ্গলবার (১৯ আগস্ট) ২০২৫, আপডেট ২২:৩০

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে মঙ্গলবার (১৯ আগস্ট) পর্যন্ত ২৮টি পদের বিপরীতে মোট ৬৫৮টি মনোনয়নপত্র ফরম বিক্রি হয়েছে। পাশাপাশি হল সংসদের জন্য ১৮টি হলে বিক্রি হয়েছে ১ হাজার ৪২৭টি মনোনয়নপত্র।

মঙ্গলবার (১৯ আগস্ট) শেষ দিনে কেন্দ্রীয় সংসদে ৯৩টি ও হল সংসদে ২০১টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। বুধবার (২০ আগস্ট) বিকাল ৫টার মধ্যে মনোনয়নপত্র জমা দিতে হবে প্রার্থীদের।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের দেওয়া তথ্যমতে, হলভিত্তিক মনোনয়নপত্র সংগ্রহের পরিসংখ্যান অনুযায়ী ড. মুহম্মদ শহীদুল্লাহ হলে সর্বাধিক ১১২টি এবং বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে সর্বনিম্ন ৩৩টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। এছাড়া সলিমুল্লাহ মুসলিম হলে ৭৩টি, জগন্নাথ হলে ৭৪টি, ফজলুল হক মুসলিম হলে ৮৬টি, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে ১০০টি, রোকেয়া হলে ৫৩টি, সূর্যসেন হলে ৯৫টি, হাজী মুহম্মদ মুহসীন হলে ৮০টি, শামসুন নাহার হলে ৪২টি, কবি জসীম উদ্দীন হলে ১০৬টি, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে ৯৮টি, শেখ মুজিবুর রহমান হলে ৭৯টি, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে ৩৯টি, অমর একুশে হলে ৯১টি, কবি সুফিয়া কামাল হলে ৮৮টি, বিজয় একাত্তর হলে ৯৬টি এবং স্যার এ এফ রহমান হলে ৮২টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে।

রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্ত অনুযায়ী, একজন প্রার্থী একাধিক মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন। তবে একজন প্রার্থী কেবল একটি পদেই নির্বাচন করতে পারবেন। সেক্ষেত্রে একটি পদ রেখে বাকিগুলোতে মনোনয়ন প্রত্যাহার করে নিতে হবে। প্রত্যাহার না করলে সব মনোনয়নপত্রই বাতিল বলে গণ্য হবে।

উল্লেখ্য, সোমবার (১৮ আগস্ট) ২০২৫ মনোনয়নপত্র বিতরণের শেষ দিন থাকলেও বিপুল সংখ্যক শিক্ষার্থী মনোনয়নপত্র সংগ্রহের জন্য ভিড় করেন। ফলে শিক্ষার্থীরা কোনও কোনও হল ও কেন্দ্রীয় দফতর থেকে নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারেননি। এই অবস্থায় গণতান্ত্রিক অধিকার চর্চার সুযোগ সবার জন্য সমান ও সমুন্নত রাখার তাগিদে মনোনয়নপত্র বিতরণ ও গ্রহণের সময় একদিন করে বাড়িয়ে যথাক্রমে ১৯ আগস্ট মঙ্গলবার বিকাল ৫টা ও ২০ আগস্ট ২০২৫ বুধবার বিকাল ৫টা করার সিদ্ধান্ত গ্রহণ করেন রিটার্নিং কর্মকর্তারা।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading