সাতক্ষীরা সীমান্ত দিয়ে আরও ১৫ বাংলাদেশিকে হন্তান্তর
উত্তরদক্ষিণ। সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, আপডেট ১১:৩৮
সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা সীমান্ত দিয়ে আরও ১৫ বাংলাদেশিকে হস্তান্তর করেছে ইন্ডিয়ান সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। রবিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পতাকা বৈঠকের মাধ্যমে আটককৃতদের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে তুলে দেয় তারা।
ফেরত আসাদের মধ্যে পাঁচজন শিশু, পাঁচজন নারী ও পাঁচজন পুরুষ রয়েছেন।
তলুইগাছা বিওপি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার আবুল কাশেম বলেন, “গতকাল রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিজিবি ও বিএসএফের মধ্যে সীমান্তের শূন্যরেখায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় ১৫ বাংলাদেশিকে হস্তান্তর করে বিএসএফ। রাত সাড়ে ১০টার দিকে হস্তান্তর করা ব্যক্তিদের সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিমুল হক বলেন, গত শনিবার সকাল ১১টার দিকে ইন্ডিয়ার উত্তর চব্বিশ পরগনার বশিরহাট মহকুমার হাকিমপুর চেকপোস্ট এলাকায় নারী-শিশুসহ ১৫ জনকে আটক করে বিএসএফ। পরে বিএসএফের আমুদিয়া কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর বিকাশ কুমার ও বিজিবি-৩৩ ব্যাটালিয়নের তলুইগাছা বিওপি কমান্ডার নায়েব সুবেদার আবুল কাশেমের নেতৃত্বে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে আটক ব্যক্তিদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়। যাচাই-বাছাই শেষে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
ইউডি/রেজা

