সাদা অথবা লাল শাপলা প্রতীক চেয়ে ইসিতে এনসিপির আবেদন
উত্তরদক্ষিণ। বুধবার (২৪ সেপ্টেম্বর) ২০২৫, আপডেট ২২:০০
নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮ এর বিধান সংশোধনপূর্বক শাপলা, সাদা শাপলা অথবা লাল শাপলাকে প্রতীক হিসেবে তালিকাভুক্ত করে বরাদ্দের আবেদন জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি।
বুধবার (২৪ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন কার্যালয়ে গিয়ে আবেদন জমা দেয় দলটি।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের স্বাক্ষর করা আবেদনে উল্লেখ করা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) বিবিধ প্রস্তুতির অংশ হিসেবে নতুন করে নির্বাচনী প্রতীক তালিকাভুক্তির উদ্যোগ নেয়। নির্বাচন কমিশনের তালিকায় প্রতীক যুক্ত করতে একটি কমিটি হয়। যারা ১৫০টি প্রতীক অন্তর্ভুক্তির চূড়ান্ত খসড়া প্রস্তুত করে। কমিটির একজন সদস্যের সঙ্গে এনসিপির প্রতিনিধি দলের গত ৪ জুন বৈঠক হয়। এতে তিনি চূড়ান্ত তালিকায় ‘শাপলা’ প্রতীক থাকার বিষয়টি আশ্বস্ত করেন। এছাড়া এ সংক্রান্ত বিষয় নিয়ে গণমাধ্যমেও সংবাদ প্রকাশিত হয়।
২২ জুন এনসিপি রাজনৈতিক দল হিসাবে নিবন্ধনের জন্য আবেদন দাখিল করে এবং দলের অনুকূলে ‘শাপলা’ প্রতীক সংরক্ষণের জন্য আবেদন জানায়। এরপরই সারা দেশের মানুষ শাপলাকে এনসিপির প্রতীক হিসেবে চিনতে শুরু করে।
জুলাই মাসে দেশজুড়ে এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সাধারণ মানুষ খাল-বিল-জলাশয় থেকে শাপলা এনে কর্মসূচিতে অংশ নেন। এনসিপির প্রতীক হিসেবে শাপলাকে হৃদয় থেকে বরণ করে নেন তারা। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হঠাৎ ৯ জুলাই এনসিপি জানতে পারে, নির্বাচন কমিশন শাপলাকে নির্বাচনী প্রতীক হিসেবে তফসিলভুক্ত না করার নীতিগত সিদ্ধান্ত নিয়ে। ‘শাপলা’ জাতীয় প্রতীক হওয়ায় এই সিদ্ধান্ত নেয়ার কথা সংবাদ মাধ্যমকে জানায় নির্বাচন কমিশন।
ইউডি/এবি

