এক লাফে সোনার দাম ভরিতে বাড়ল ৬৯০৫ টাকা

এক লাফে সোনার দাম ভরিতে বাড়ল ৬৯০৫ টাকা

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ০৯ অক্টোবর, ২০২৫, আপডেট ০৯:০০

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির সঙ্গে স্থানীয় চাহিদা ও দাম বাড়ার কারণে নতুন করে দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

নতুন এ দাম কার্যকর হবে আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) থেকে। গতকাল বুধবার (৮ অক্টোবর) বাজুসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতি ভরিতে সর্বোচ্চ ৬ হাজার ৯০৫ টাকা পর্যন্ত বেড়েছে সোনার দাম। নতুন দামের ফলে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার এক ভরির দাম দাঁড়াচ্ছে ২ লাখ ৯ হাজার ১০০ টাকা— যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বাড়ায় সোনার মূল্য সমন্বয় করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি বিক্রি হবে ২ লাখ ৯ হাজার ১০০ টাকায়, ২১ ক্যারেট ১ লাখ ৯৯ হাজার ৫৯৪ টাকায়, ১৮ ক্যারেট ১ লাখ ৭১ হাজার ৮৮ টাকায় এবং সনাতন পদ্ধতির সোনার ভরি বিক্রি হবে ১ লাখ ৪২ হাজার ৩০১ টাকায়।

সোনার দামের পাশাপাশি বেড়েছে রুপার দামও। ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হবে ৪ হাজার ৯৮১ টাকায়, ২১ ক্যারেট ৪ হাজার ৭৪৭ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৭১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা বিক্রি হবে ৩ হাজার ৫৬ টাকায়।

এদিকে আন্তর্জাতিক বাজারেও সোনার দাম ছুঁয়েছে নজিরবিহীন উচ্চতা। যুক্তরাষ্ট্রে সুদের হার কমানোর সম্ভাবনা ও আংশিক সরকারি কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় বিনিয়োগকারীরা ঝুঁকছেন নিরাপদ সম্পদে। এর প্রভাবে ইতিহাসে প্রথমবারের মতো স্বর্ণের দাম আউন্সপ্রতি ৪ হাজার ডলার অতিক্রম করেছে।

বাজারসংশ্লিষ্টদের মতে, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা এবং ডলারের দামের ওঠানামার কারণে আন্তর্জাতিকভাবে স্বর্ণের প্রতি বিনিয়োগ বাড়ছে। তারই প্রভাব পড়ছে বাংলাদেশের বাজারেও। ফলে দেশের স্বর্ণবাজারে তৈরি হয়েছে নতুন রেকর্ড, যা আগে কখনও দেখা যায়নি।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading