সাগরে আবারও লঘুচাপ, নিম্নচাপ হয়ে বৃষ্টি ঝরাতে পারে

সাগরে আবারও লঘুচাপ, নিম্নচাপ হয়ে বৃষ্টি ঝরাতে পারে

উত্তরদক্ষিণ। শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫, আপডেট ১২:১০

এক লঘুচাপ শেষ হতে না হতেই ফের নতুন করে লঘুচাপ এলো। বঙ্গোপসাগরে লঘুচাপের সৃষ্টি হয়েছে। এই লঘুচাপ নিম্নচাপে পরিণত হয়ে বৃষ্টি ঝরাতে পারে বলে আবহাওয়া অধিদফতর জানিয়েছে। তবে তা ঘূর্ণিঝড়ে রূপ নেবে কি না, তা এখনও নিশ্চিত করে বলতে পারছেন না আবহাওয়াবিদেরা।

আবহাওয়া অফিস জানায়, লঘুচাপের গতিপ্রকৃতিতে মনে হচ্ছে, বাংলাদেশের উপকূলে এর প্রভাব তত বেশি হবে না।তবে চলতি সপ্তাহের শেষের দিকে বাংলাদেশের উপকূলসহ বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে।

গত সোমবার (২০ অক্টোবর) বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সৃষ্টি হয়। এটি দ্রুতই দুর্বল হয়ে পড়ে। এর প্রভাব বাংলাদেশের উপকূলে একেবারেই পড়েনি। চারদিন পর আজ শুক্রবার (২৪ অক্টোবর) সকাল ছয়টার দিকে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে বলে আবহাওয়া অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে।

আবহাওয়াবিদরা বলছেন, নতুন করে যে লঘুচাপের সৃষ্টি হয়েছে, তা ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হওয়ার একটা সম্ভাবনা আছে। তবে এর প্রভাব পড়বে মূলত ভারতের ওডিশা উপকূলে। তবে বাংলাদেশের, বিশেষ করে উপকূলে প্রভাব পড়তে পারে। আর এর প্রভাবে বৃষ্টিও হতে পারে।

তারা আরও জানান, সদ্য শেষ হওয়া লঘুচাপটি ঘনীভূত হওয়ার কথা থাকলেও তা হয়নি। এখন যে লঘুচাপ এসেছে, এর গতিপ্রকৃতি এখন যতটুকু বোঝা যাচ্ছে তাতে নিম্নচাপ হওয়ার সম্ভাবনা আছে। তবে এটি ঘূর্ণিঝড়ে রূপ নেবে কি না, তা বলার মতো সময় আসেনি।

এদিকে প্রায় এক সপ্তাহ ধরে দেশের বেশির ভাগ স্থান প্রায় বৃষ্টিহীন। আর তাতে গরম বেড়েছে যথেষ্ট। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ফেনীতে, ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সামান্য বৃষ্টি হয়েছে দু–একটি স্থানে। এর মধ্যে গতকাল দেশের সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড করা হয়েছে রাঙ্গামাটিতে, ৯ মিলিমিটার। শ্রীমঙ্গলে সামান্য বৃষ্টি হয়েছে। এ ছাড়া দেশের অন্যত্র ছিল বৃষ্টিহীন।

লঘুচাপটি যদি নিম্নচাপে পরিণত হয়, তবে এর প্রভাবে দেশের উপকূলসহ কয়েকটি এলাকায় আগামী বুধবারের দিকে বৃষ্টি হতে পারে

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading