নভেম্বরে দেশে ফিরবেন তারেক রহমান: সালাহউদ্দিন

নভেম্বরে দেশে ফিরবেন তারেক রহমান: সালাহউদ্দিন

উত্তরদক্ষিণ। শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, আপডেট ০৮:০০

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী নভেম্বরের মধ্যে দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, “দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আশা করি নভেম্বরের মধ্যে দেশে ফিরবেন।”

শুক্রবার (২৪ অক্টোবর) গুলশানে নিজ বাসায় এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

সালাহউদ্দিন বলেন, “চলতি অক্টোবর মাসে ২০০ আসনে বিএনপির একক প্রার্থীকে গ্রিন সিগন্যাল দেওয়া হবে।”

জাতীয় নির্বাচনে তারেক রহমান কোন আসন থেকে প্রার্থী হতে পারেন—এ প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, “দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্বাচনে অংশগ্রহণ করবেন, সেটি তিনি নিজেই সাক্ষাৎকারে জানিয়েছেন। কোন আসন থেকে প্রার্থী হবেন, তা পরে নির্ধারিত হবে। যেকোনো আসন থেকে তিনি নির্বাচন করতে পারেন।”

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আসন্ন নির্বাচনে অংশ নেবেন কি না—এমন প্রশ্নের জবাবে সালাহউদ্দিন বলেন, “আমরা আশা করছি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিজের শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে নিজেই সিদ্ধান্ত নেবেন—তিনি নির্বাচনে অংশ নেবেন কি না। আমরা অবশ্যই চাই, তিনি অংশগ্রহণ করুন।”

বিএনপির এই নেতা বলেন, “এনসিপির সঙ্গে রাজনৈতিক আলোচনা হচ্ছে। তবে বিএনপি আর এনসিপি জোটভুক্ত হবে কি না, সেটা দেখতে অপেক্ষা করতে হবে। যদিও জোটভুক্ত হওয়ার বিষয়ে এনসিপির সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা হয়নি।”

সালাহউদ্দিন বলেন, “জোটভুক্ত হলে দলগুলো অন্য রাজনৈতিক দলের প্রতীকে নির্বাচন করতে পারত। এটি পরিবর্তনে সম্মতি ছিল অধিকাংশ দলের। আমরা আশ্বস্ত ছিলাম, কিন্তু যেভাবে আরপিও পাস হলো, তাতে আকারে ছোট দলগুলো জোটবদ্ধ হতে উৎসাহিত হবে না।”

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading