২৪তম আন্তর্জাতিক কিরাত সম্মেলন শুরু ২৮ নভেম্বর
উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, আপডেট ১৪:১০
বাংলাদেশে পবিত্র কুরআন তিলাওয়াত চর্চাকে আন্তর্জাতিক অঙ্গনে আরও প্রসারিত করতে আগামী ২৮ নভেম্বর (শুক্রবার) বিকেল ৪টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররম চত্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘২৪তম আন্তর্জাতিক কিরাত সম্মেলন বাংলাদেশ–২০২৫’।
আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা ‘ইক্বরা’র উদ্যোগে এবং পি এইচ পি ফ্যামিলির পৃষ্ঠপোষকতায় মহতী এই আয়োজনে সহযোগিতায় রয়েছে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ।
কিরাত সম্মেলনের প্রধান অতিথি থাকবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত থাকবেন পি এইচ পি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মো. মিজানুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. হালিম খান, ঢাকা জেলা প্রশাসক তানজিল আহমেদ এবং বাংলাদেশ পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) এজাজ আহমেদ।
এছাড়াও অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন রাষ্ট্রের মান্যবর রাষ্ট্রদূত ও কূটনীতিকরা উপস্থিত থাকবেন।
বিশ্বখ্যাত ক্বারি শাইখ আহমদ বিন ইউসুফ আল আজহারীর সভাপতিত্বে আন্তর্জাতিক কিরাত সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত খ্যাতনামা ক্বারিদের মধ্যে থাকছেন —মিসরের ক্বারি শাইখ আহমদ আল জাওহারি, তুরস্কের শাইখ আব্দুল ওয়ালী আরাকানি, পাকিস্তানের ক্বারি আনোয়ারুল হাসান শাহ বুখারী, ইরানের ক্বারি মাহদী গুলামনেজাদ, ফিলিপাইনের ক্বারী মুহাম্মদ নাযীর আসগর।
উল্লেখ্য, ১৯৯১ সালে বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক প্রধান ক্বারি, মহান মুক্তিযুদ্ধের সংগঠক এবং বিশ্ববিখ্যাত তিলাওয়াতকারী মাওলানা ক্বারি মুহাম্মদ ইউসুফ (রহ.) কর্তৃক প্রতিষ্ঠিত সংস্থা ‘ইক্বরা’ গত ৩৪ বছর ধরে ধারাবাহিকভাবে আন্তর্জাতিক কিরাত সম্মেলনের আয়োজন করে আসছে।
ইউডি/এআর

