রাঙ্গামাটিতে বৃহস্পতিবার থেকে ৩৬ ঘণ্টার হরতাল

রাঙ্গামাটিতে বৃহস্পতিবার থেকে ৩৬ ঘণ্টার হরতাল

উত্তরদক্ষিণ। বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, আপডেট ১৭:০৫

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে নিয়োগ প্রক্রিয়ায় কোটা বৈষম্য ও অনিয়মের প্রতিবাদে বৃহস্পতিবার (২০- নভেম্বর) ও শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল কর্মসূচি ঘোষণা করেছে কোটাবিরোধী ঐক্যজোট, রাঙ্গামাটির সাধারণ শিক্ষার্থী ও সচেতন নাগরিকরা।

বুধবার (১৯ নভেম্বর) বিকেল শহরের একটি রেস্তোরাঁয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করা হয়।

ঘোষণাকারী পক্ষে বক্তব্য রাখেন শিক্ষার্থী ইব্রাহিম রুবেল, বৈষম্যবিরোধী ছাত্র সংগঠনের নেতা রাকিব হাসান, শিক্ষার্থী নুরুল আলম, রুবেল হোসেন, রেজাউল করিম রাজু, ইমাম হোছাইন।

নেতারা বলেন, ‘জেলা পরিষদে কোটা বৈষম্য বাদ দিয়ে সঠিকভাবে নিয়োগ দেয়ার জন্য আমরা শান্তিপূর্ণভাবে দাবি জানানোর পরেও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ কর্তৃপক্ষ কোনো ধরনের সমাধান দেয়নি। বাধ্য হয়েই আমরা হরতাল কর্মসূচি দিয়েছি।’

নেতারা আরও বলেন, ‘রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে কোনো কোটার উল্লেখ নেই এবং শূন্যপদের সংখ্যাও পরিষ্কারভাবে জানানো হয়নি। সরকার নির্ধারিত ৭ শতাংশ কোটা বিধান উপেক্ষা করে পরিষদ কর্তৃপক্ষ ৭০ শতাংশ পাহাড়ি ও ৩০ শতাংশ বাঙালি কোটা অনুসারে নিয়োগ বাস্তয়নের উদ্যোগ নিয়েছে, যা দুঃখজনক। মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দিতে হবে। কোটা প্রথার নামে বৈষম্য আর মেধা হত্যার সিদ্ধান্ত আমরা মেনে নেব না।

আগামী ২০ ও ২১ নভেম্বর হরতাল চলাকালীন জেলা শহরের সকল সরকারি-বেসরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, যানবাহন ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখার আহ্বান জানানো হয়েছে। তবে জরুরি সেবায় নিয়োজিত যানবাহন হরতালের আওতামুক্ত থাকবে।

উল্লেখ্য, আগামী ২১ নভেম্বর শুক্রবার প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading