খেলাপি ঋণ ৬ লাখ ৪৪ হাজার কোটি টাকা ছাড়িয়েছে

খেলাপি ঋণ ৬ লাখ ৪৪ হাজার কোটি টাকা ছাড়িয়েছে

উত্তরদক্ষিণ। বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, আপডেট ১৫:৩০

ব্যাংক খাতে খেলাপি ঋণ আরো বেড়েছে। চলতি বছরের সেপ্টেম্বর শেষে ঋণ বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ৪৪ হাজার ৫১৫ কোটি টাকা। গত জুন মাসে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৬ লাখ ৮ হাজার ৩৩৪ কোটি টাকা। বুধবার (২৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক থেকে এ তথ্য জানানো হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, চলতি বছর সেপ্টেম্বর শেষে ঋণ বিতরণের পরিমাণ ছিল ১৮ লাখ ৩ হাজার ৮৩৯ কোটি টাকা। এ সময় বিতরণ করা ঋণের ৬ লাখ ৪৪ হাজার ৫১৫ কোটি টাকা বা ৩৫ দশমিক ৭৩ শতাংশই খেলাপিতে পরিণত হয়েছে।

গত জুন পর্যন্ত বিতরণ করা ঋণের পরিমাণ ছিল ১৭ লাখ ৬৮ হাজার ৩৬৮ কোটি টাকা। আলোচ্য সময়ের ব্যবধানে বিতরণ করা ঋণের পরিমাণ বেড়েছে ৩৫ হাজার ৪১৭ কোটি টাকা। তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩৬ হাজার ১৬৯ কোটি টাকা।

২০২৪ সালের সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণের পরিমাণ ছিল ২ লাখ ৮৫ হাজার কোটি টাকা। সরকার পরিবর্তনের পর খেলাপির প্রকৃত তথ্য বেরিয়ে আসে। সেই হিসেবে চলতি বছরের সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণের পরিমাণ ৬ লাখ ৪৪ হাজার ৫১৫ কোটি টাকা ছাড়িয়েছে। বছরের ব্যবধানে খেলাপি ঋণের পরিমাণ বেড়েছে ৩ লাখ ৬০ হাজার কোটি টাকা।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকার পতনের পর খেলাপি ঋণের প্রকৃত চিত্র বের হতে শুরু করেছে। আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাংক থেকে প্রভাবশালীরা নামে বেনামে বড় অঙ্কের ঋণ নিয়েছিলেন। পাশাপাশি খেলাপি ঋণ কাগজে-কলমে কম দেখানো হয়েছিল। সরকার পরিবর্তনের পর খেলাপির প্রকৃত চিত্র বেরিয়ে আসছে।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading