খুলনায় ৮ ইসলামী দলের বিভাগীয় সমাবেশ সোমবার

খুলনায় ৮ ইসলামী দলের বিভাগীয় সমাবেশ সোমবার

উত্তরদক্ষিণ। রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫, আপডেট ১৯:৪৫

জুলাই জাতীয় সনদের সফল বাস্তবায়ন ও জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনসহ ৫ দফা দাবিতে আগামীকাল সোমবার (১ ডিসেম্বর) খুলনায় ৮ দলের বিভাগীয় সমাবেশ হবে।

সমাবেশের মূলস্থান শিববাড়ি মোড় হলেও গোটা নগরীজুড়ে লোকে লোকারণ্য পরিবেশ তৈরি হবে বলে আশা করছেন আয়োজকরা।

রবিবার (৩০ নভেম্বর) দুপুরে খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে সমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, এবারের সমাবেশে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সভাপতিত্ব করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মো. রেজাউল করিম।

বিশেষ অতিথি হিসেবে থাকবেন: খেলাফত মজলিসের আমীর মামুনুল হক, বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন, নেজামে ইসলাম পার্টির আমীর অধ্যক্ষ মাওলানা সরওয়ার কামাল আজিজীসহ বিভিন্ন ইসলামী রাজনৈতিক দলের কেন্দ্রীয় ও আঞ্চলিক নেতৃবৃন্দ।

আয়োজকরা জানান, সমাবেশ সফল করতে গত বৃহস্পতিবার থেকে রোববার পর্যন্ত খুলনা বিভাগে ৫ লক্ষাধিক লিফলেট বিতরণ করা হয়েছে। নগরীর বিভিন্ন ওয়ার্ড, বাজার ও জনবহুল স্থানে দিনভর গণসংযোগ, মাইকিং, বিলবোর্ড, ব্যানার ও ফেস্টুন টাঙানোর মাধ্যমে প্রচার চালানো হয়েছে।

মোড়ে মোড়ে প্রচারমেলা ও সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার চেষ্টা চলছে।

সমাবেশ উপলক্ষে ৪০-৩০ বর্গফুটের একটি বড় মঞ্চ নির্মাণ করা হয়েছে। সংবাদকর্মীদের জন্য আলাদা দুটি মঞ্চও প্রস্তুত রয়েছে। এ ছাড়া প্রচার-মিডিয়া, শৃঙ্খলা, ডেকোরেশনসহ ১১টি উপকমিটি সার্বিক তদারকি করছে।

সমাবেশকে কেন্দ্র করে দেড় থেকে দুই লক্ষাধিক মানুষের সমাগম হতে পারে বলে আশা করছেন আয়োজকরা। এজন্য জিরোপয়েন্ট থেকে গল্লামারী, বাইপাস হয়ে ময়ুরী আবাসিক এলাকা, জোড়াগেট গরুর হাট, সিএন্ডবি কলোনীর মাঠসহ বিভিন্ন স্থানে যানবাহন রাখার ব্যবস্থা করা হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে আন্দোলনরত ৮ দলের শীর্ষস্থানীয় নেতাদের পাশাপাশি খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading