সুদানে বাংলাদেশের ৬ শান্তিরক্ষীর মৃত্যুতে নৌ-উপদেষ্টার শোক

সুদানে বাংলাদেশের ৬ শান্তিরক্ষীর মৃত্যুতে নৌ-উপদেষ্টার শোক

উত্তরদক্ষিণ। সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, আপডেট ১১:৫০

সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর ছয়জন শান্তিরক্ষীর মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। একই সঙ্গে নৃশংস এ হামলার ঘটনায় তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন।

গত ১৩ ডিসেম্বর সুদানের আবেই এলাকায় সংঘটিত এক অনাকাঙ্ক্ষিত ও নৃশংস হামলার ঘটনায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনরত বাংলাদেশ সেনাবাহিনীর ছয়জন শান্তিরক্ষী শহীদ হন এবং আরও ৮ জন শান্তিরক্ষী মারাত্মকভাবে আহত হন।

সোমবার (১৫ ডিসেম্বর) এক শোক বার্তায় নৌপরিবহন উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন শহীদ শান্তিরক্ষীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে এ ঘটনায় আহত ৮ জন বাংলাদেশি শান্তিরক্ষীর দ্রুত আরোগ্য কামনা করেন।

নৌপরিবহন উপদেষ্টা বলেন, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের শান্তিরক্ষীরা সবসময় সাহস, পেশাদারিত্ব ও আত্মনিবেদনের অনন্য দৃষ্টান্ত স্থাপন করে আসছে। সুদানে কর্তব্যরত অবস্থায় ৬ জন বাংলাদেশি শান্তিরক্ষীর শহীদ হওয়া আমাদের জন্য গভীর বেদনার।

তিনি বলেন, বিশ্বশান্তি ও মানবতার সেবায় নিয়োজিত অবস্থায় এই বীর সেনাসদস্যদের আত্মত্যাগ জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি।

সাখাওয়াত হোসেন আরও বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবদান আন্তর্জাতিক পরিমণ্ডলে অত্যন্ত প্রশংসিত। বাংলাদেশের শান্তিরক্ষীরা বিশ্ব শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।

নৌপরিবহন উপদেষ্টা সুদানে চলমান সহিংসতা অবিলম্বে বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে সংশ্লিষ্ট সকল পক্ষকে আহবান জানিয়েছেন।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading