জানা গেল ছাত্রশিবিরের নতুন সেক্রেটারির নাম
উত্তরদক্ষিণ। শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫, আপডেট ১৯:১০
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নতুন কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হওয়ার পর জানা গেল সংগঠনটির নতুন সেক্রেটারি জেনারেলের নাম। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে কেন্দ্রীয় সদস্য সম্মেলনে নবনির্বাচিত সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম নতুন সেক্রেটারি জেনারেল হিসেবে সিবগাতুল্লাহ সিবগাকে মনোনীত করেছেন।
সিবগাতুল্লাহ সিবগা ২০২৫ সেশনে ছাত্রশিবিরের দপ্তর সম্পাদক ছিলেন। এর আগে তিনি ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এবং ক্রমান্বয়ে কেন্দ্রীয় শিক্ষা, প্রকাশনা ও সাহিত্যসহ আরও দুটি পদে দায়িত্ব পালন করেন।
জুলাই গণ-অভ্যুত্থানে বিশেষ ভূমিকার জন্য তিনি বারবার আলোচনায় আসেন।
এর আগে, সদস্যদের প্রত্যক্ষ ভোটে সেক্রেটারির দায়িত্বে থাকা নুরুল ইসলাম সাদ্দাম সভাপতি নির্বাচিত হন। পরবর্তীতে শিবিরের সাংবিধানিক নীতি অনুযায়ী সিবগাতুল্লাহকে সেক্রেটারি জেনারেল মনোনীত করেন তিনি।
নেতাদের মতে, ২০২৫ সালের এই কেন্দ্রীয় সদস্য সম্মেলন ছাত্রশিবিরের জন্য একটি বড় চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে এসেছে। সামনে জাতীয় নির্বাচন থাকায় তরুণ ভোটারদের একটি বড় অংশকে আকৃষ্ট করতে মেধাবী, কৌশলী ও সময়োপযোগী নেতৃত্ব প্রয়োজন।
পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় ছাত্র রাজনীতির নতুন ধারায় নিজেদের অবস্থান সুসংহত করাও নবনির্বাচিত কমিটির অন্যতম প্রধান লক্ষ্য হবে বলে মনে করছেন সংগঠনের সংশ্লিষ্টরা।
ইউডি/এআর

