খালেদা জিয়ার অবস্থা খুবই সংকটাপন্ন, জানালেন চিকিৎসক
উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, আপডেট ২৪:১০
রাজধানীর এভারকেয়ার হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আরও অবনতি হয়েছে। তার অবস্থা এখন অত্যন্ত সংকটাপন্ন বলে জানিয়েছেন তার চিকিৎসকরা।
সোমবার (২৯ ডিসেম্বর) রাতে তার চিকিৎসক বোর্ডের সদস্য ডা. জিয়াউল হক বলেন, ‘খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে এবং নিয়মিত ডায়ালাইসিস দেওয়া হচ্ছে।’
তিনি জানান, ডায়ালাইসিস বন্ধ করলেই তার শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটে।
‘তার বয়সজনিত কারণে এবং একাধিক জটিল রোগে আক্রান্ত হওয়ায় একসঙ্গে সব ধরনের চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না,’ বলেন তিনি।
চিকিৎসক বোর্ডের আরেক সদস্য ডা. জাফর ইকবাল বলেন, খালেদা জিয়ার অবস্থা ‘গুরুতর অসুস্থ’ হিসেবে বিবেচিত হচ্ছে।
‘আমরা সবার কাছে দোয়া চাই। আরও কিছু পরীক্ষা-নিরীক্ষার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি এখনো সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন,’ যোগ করেন তিনি।
চিকিৎসক বোর্ডের এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তবে বাকি বিষয়টি আল্লাহর ইচ্ছার ওপর নির্ভর করছে।
‘তিনি বয়স্ক এবং দীর্ঘদিনের নানা রোগ এই বয়সে এসে আবার জটিল আকার ধারণ করেছে। সময়মতো কিছু সমস্যার যথাযথ চিকিৎসা সম্ভব হয়নি। বয়সের কারণে একাধিক জটিলতা থেকে সুস্থ হয়ে ওঠা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে,’ বলেন ওই চিকিৎসক।
তিনি জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা কখনো সামান্য উন্নতি, আবার কখনো অবনতির দিকে যাচ্ছে।
‘তাকে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রতিদিন নতুন করে বিভিন্ন পরীক্ষা করা হচ্ছে।’
গত বৃহস্পতিবার লন্ডন থেকে দেশে ফেরার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এভারকেয়ার হাসপাতালে গিয়ে মাকে দেখেন। তিনি প্রতিদিন নিজের কর্মসূচি শেষ করে হাসপাতালে গিয়ে দীর্ঘ সময় মায়ের পাশে অবস্থান করছেন। নাইপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রায় তিন ঘণ্টা সময় কাটানোর পরও তিনি সরাসরি হাসপাতালে যান।
দলীয় কার্যালয়ের বাইরে উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্যে তারেক রহমান মায়ের সুস্থতার জন্য সবার দোয়া কামনা করেন।
এক মাসেরও বেশি সময় ধরে খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তার চিকিৎসা তত্ত্বাবধান করছেন কার্ডিওলজিস্ট অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার।
শনিবার রাতে চিকিৎসক বোর্ডের বৈঠক শেষে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন বলেন,‘তার অবস্থা অত্যন্ত জটিল এবং তিনি এখন এক সংকটময় সময় পার করছেন। আল্লাহর রহমত ও চিকিৎসকদের অক্লান্ত প্রচেষ্টায় যদি তিনি এই সংকট কাটিয়ে উঠতে পারেন, তবেই কিছুটা ইতিবাচক ফলাফল দেখা যেতে পারে।’
৮০ বছর বয়সি সাবেক এই প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভার, ফুসফুস, হৃদ্রোগ ও চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। তিনি এসব রোগের জন্য বহু বছর ধরেই চিকিৎসা নিচ্ছিলেন।
বাসায় অবস্থানকালে সম্প্রতি তার শ্বাসকষ্ট, কাশি, জ্বর ও শারীরিক দুর্বলতা দেখা দেয়। অবস্থার অবনতি হলে গত ২৩ নভেম্বর তাঁকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তী পরীক্ষায় ফুসফুস, হৃদ্যন্ত্র ও কিডনির দ্রুত অবনতি ধরা পড়লে ২৭ নভেম্বর তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়।
খালেদা জিয়ার চিকিৎসা তদারকিতে দেশি-বিদেশি ৩০ জন বিশেষজ্ঞ চিকিৎসক নিয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডটি প্রতিদিন বৈঠক করে প্রয়োজন অনুযায়ী চিকিৎসা পরিকল্পনা হালনাগাদ করছে।
ইউডি/এআর

