মুস্তাফিজ ইস্যুতে বিসিসিআইকে কটাক্ষ শশী থারুর
উত্তরদক্ষিণ। সোমবার, ০৫ জানুয়ারী, ২০২৬, আপডেট ১৮:২৫
আসন্ন আইপিএলে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্সে কেনা হলেও, ইন্ডিয়ার ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) নির্দেশে তাকে বাদ দিতে বাধ্য হয় দলটি।
বিসিসিআইয়ের এই হঠকারী সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন ইন্ডিয়ার কংগ্রেস নেতা ও সংসদ সদস্য শশী থারুর।
ইন্ডিয়ার সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘বিসিসিআইয়ের সিদ্ধান্ত একেবারেই নিন্দনীয়। খেলাধুলার ক্ষেত্রে অযথা রাজনীতি ঢুকিয়ে দেওয়া হয়েছে। এটি মোটেও যুক্তিসঙ্গত নয়।’
শশী থারুর আরও প্রশ্ন তুলেছেন, যদি বাদ পড়া খেলোয়াড় হিন্দু সংখ্যালঘু হতো, তাহলে কি একই আচরণ করা হতো? তিনি বলেন, ‘মুস্তাফিজ কখনো ঘৃণামূলক বক্তব্য দেননি, শুধু একজন ক্রীড়াবিদ। তার ওপর এমন সিদ্ধান্ত নেওয়া ন্যায্য নয়।’
এই ঘটনায় বাংলাদেশও প্রতিক্রিয়া দেখিয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আইসিসিকে চিঠি দিয়েছে, যাতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ইন্ডিয়াতে না খেলার বিকল্প ব্যবস্থা নেয়া হয়। পাশাপাশি সরকারের নির্দেশে বাংলাদেশের সব প্ল্যাটফর্মে আইপিএল সম্প্রচার সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শশী থারুরের মতে, বিসিসিআইয়ের পদক্ষেপ সামাজিক চাপে নেওয়া প্রতিক্রিয়াশীল সিদ্ধান্ত, যা দ্বিপক্ষীয় সম্পর্ক এবং কূটনীতি ক্ষুণ্ণ করতে পারে। তিনি আশা প্রকাশ করেছেন, খেলাধুলাকে রাজনীতির চাপে না ফেলা হবে এবং সব পক্ষ বিবেচনামূলকভাবে পদক্ষেপ নেবে।
ইউডি/এআর

