মিয়ানমারের রাষ্ট্রদূতকে জরুরি তলব
উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ১৩ জানুয়ারি , ২০২৬, আপডেট ১৭:০০
কক্সবাজারের টেকনাফ সীমান্তে মিয়ানমারের অভ্যন্তর থেকে ছোঁড়া গুলিতে এক বাংলাদেশি শিশু আহত হওয়ার ঘটনায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করেছে বাংলাদেশ সরকার।
পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে অভিহিত করে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
মন্ত্রণালয় সূত্রে জানা যায়, সম্প্রতি টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের সীমান্তে কোনো ধরণের উসকানি ছাড়াই মিয়ানমারের দিক থেকে গুলিবর্ষণ করা হয়। এতে হুজাইফা নামের ১২ বছর বয়সী এক কিশোরী গুরুতর আহত হয়।
বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয় যে, এ ধরণের দায়িত্বজ্ঞানহীন আচরণ দুই প্রতিবেশী দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে বড় বাধা।পররাষ্ট্র মন্ত্রণালয় মিয়ানমার সরকারকে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পূর্ণ দায় নেওয়ার নির্দেশ দিয়েছে।
আলোচনার সময় বাংলাদেশের প্রতিনিধিরা কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন।মিয়ানমারের রাষ্ট্রদূতকে মনে করিয়ে দেয়া হয়, সীমান্ত অতিক্রম করে বাংলাদেশি ভূখণ্ড লক্ষ্য করে গুলি ছোঁড়া আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।
পাশাপাশি মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘর্ষের কোনো প্রভাব যেন বাংলাদেশের সাধারণ মানুষের জীবন ও জীবিকার ওপর না পড়ে, সে বিষয়ে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে এ ধরণের ঘটনার পুনরাবৃত্তি রোধে মিয়ানমারকে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।বৈঠক শেষে মিয়ানমারের রাষ্ট্রদূত উ কিয়াও সো মো এই ঘটনার জন্য তাঁর সরকারের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেন।
গুলিতে আহত কিশোর ও তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি আশ্বাস দেন যে, সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং এ ধরণের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে তাঁর দেশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
উল্লেখ্য, গত কয়েক মাস ধরেই মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সামরিক জান্তা ও সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে তীব্র লড়াই চলছে, যার রেশ মাঝেমধ্যেই বাংলাদেশের সীমান্ত এলাকায় আতঙ্ক সৃষ্টি করছে।
ইউডি/এআর

