যে কারণে এনসিপি ছাড়লেন তাসনিম জারা
উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ১৩ জানুয়ারি , ২০২৬, আপডেট ১৮:৩০
পুরোনো রাজনৈতিক কাঠামোর পরিবর্তনের আকাঙ্ক্ষা থেকেই জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন ডা. তাসনিম জারা। তিনি জানান, বিদ্যমান ব্যবস্থায় জবাবদিহিতা ও কাঠামোগত সংস্কারের ঘাটতি থাকায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার পথ বেছে নিয়েছেন।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) নাগরিক প্ল্যাটফর্মের আয়োজিত এক সংলাপে বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন তিনি।
ডা. তাসনিম জারা বলেন, ‘দেশের বর্তমান ব্যবস্থায় জবাবদিহিতার কাঠামো অত্যন্ত দুর্বল। বিভিন্ন স্তরে জটিলতা বিরাজ করছে এবং যিনি নিয়োগ দেন, তিনিই অনেক ক্ষেত্রে জবাবদিহিতার বিষয়টি নিয়ন্ত্রণ করেন, যা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য বড় বাধা।’
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরেই রাষ্ট্রীয় সংস্কারের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা চলছে। এই আলোচনা অব্যাহত রাখা জরুরি, পাশাপাশি যারা ক্ষমতায় থাকবেন, তাদের কার্যকর জবাবদিহিতা নিশ্চিত করাও অপরিহার্য।
তাসনিম জারা বলেন, জনগণ এখন পরিবর্তন চায়। তারা পুরোনো রাজনৈতিক বন্দোবস্ত আর মেনে নিতে প্রস্তুত নয়। এই পরিবর্তনের আকাঙ্ক্ষাই তাকে দলীয় রাজনীতি থেকে সরে এসে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্তে পৌঁছাতে উদ্বুদ্ধ করেছে।
উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এনসিপির হয়ে ঢাকা-৯ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল ডা. তাসনিম জারার। তবে গত বছরের ২৭ ডিসেম্বর নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি জানান, তিনি ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন।
ইউডি/এআর

