দু:খ প্রকাশ করে যে বার্তা দিল বিসিবি
উত্তরদক্ষিণ। বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, আপডেট ২৩:০০
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একজন সদস্যের সাম্প্রতিক মন্তব্য ঘিরে সৃষ্ট বিতর্ক ও উদ্বেগের প্রেক্ষিতে আনুষ্ঠানিক অবস্থান স্পষ্ট করেছে বোর্ড।
বিসিবি জানিয়েছে, ওই মন্তব্য অনুপযুক্ত, আপত্তিকর বা কষ্টদায়ক বলে বিবেচিত হলে সে জন্য বোর্ড আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।এক বিবৃতিতে বিসিবি জানায়, সংশ্লিষ্ট মন্তব্যগুলো বোর্ডের মূল্যবোধ, নীতি কিংবা আনুষ্ঠানিক অবস্থানকে প্রতিফলিত করে না।
একই সঙ্গে এসব বক্তব্য বাংলাদেশ ক্রিকেটের দায়িত্বে থাকা ব্যক্তিদের কাছ থেকে প্রত্যাশিত আচরণগত মানদণ্ডের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ নয় বলে উল্লেখ করা হয়।
বিবৃতিতে আরও বলা হয়, বোর্ডের মনোনীত মুখপাত্র অথবা মিডিয়া ও কমিউনিকেশনস বিভাগের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত বক্তব্য ছাড়া কোনো পরিচালক বা বোর্ড সদস্যের দেওয়া মন্তব্যের দায় বিসিবি নেয় না।
অনুমোদিত চ্যানেলের বাইরে দেওয়া বক্তব্য সম্পূর্ণ ব্যক্তিগত মতামত হিসেবে গণ্য হবে এবং তা বোর্ডের নীতি বা সিদ্ধান্ত হিসেবে বিবেচনা করা উচিত নয়।
ক্রিকেটারদের সম্মান ও বাংলাদেশ ক্রিকেটের সুনাম রক্ষার বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে বিসিবি স্পষ্ট করে বলেছে, কোনো ব্যক্তি যদি তার আচরণ বা মন্তব্যের মাধ্যমে ক্রিকেটারদের অসম্মান করেন কিংবা দেশের ক্রিকেটের ভাবমূর্তি ক্ষুণ্ন করেন, তাহলে তার বিরুদ্ধে যথাযথ শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়া হবে।
বোর্ড অতীত ও বর্তমান সব ক্রিকেটারের প্রতি পূর্ণ সমর্থন ও সম্মান পুনর্ব্যক্ত করে জানায়, ক্রিকেটাররাই বাংলাদেশ ক্রিকেটের মূল ভিত্তি। তাদের অবদান, মর্যাদা এবং কল্যাণ বিসিবির সর্বোচ্চ অগ্রাধিকার।
বিবৃতির শেষাংশে বিসিবি জানায়, খেলোয়াড়দের স্বার্থ, মর্যাদা ও নিরাপত্তা রক্ষায় বোর্ড প্রতিশ্রুতিবদ্ধ এবং ক্রিকেটের সব স্তরে পেশাদারিত্ব, জবাবদিহিতা ও পারস্পরিক সম্মান বজায় রাখতে তারা দৃঢ়ভাবে কাজ করে যাবে।
ইউডি/এআর

