জামায়াত জোটের অবশিষ্ট ৪৭ আসনের কী হবে?
উত্তরদক্ষিণ। শুক্রবার, ১৬ জানুয়ারি , ২০২৬, আপডেট ২০:৪০
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে জামায়াত নেতৃত্বাধীন ১০ দলীয় জোট ইতোমধ্যে ২৫৩টি আসনে সমঝোতার ভিত্তিতে প্রার্থী ঘোষণা করেছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে সমন্বিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন জামায়াতের নায়েবে আমির ডা. আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
তিনি জানান, এই সমঝোতার আওতায় জামায়াত ১৭৯টি, এনসিপি ৩০টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২০টি, খেলাফত মজলিস ১০টি, এলডিপি ৭টি, এবি পার্টি ৩টি, বিডিপি ২টি এবং নেজামে ইসলাম ২টি আসনে প্রার্থী দেবে।
ওই সময় অবশিষ্ট ৪৭টি আসন চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনের জন্য রাখা হয়েছিল। তবে শুক্রবার বিকালে ইসলামী আন্দোলন জানিয়েছে, তারা জামায়াতের জোটের সঙ্গে থাকবে না এবং এককভাবে ২৬৮টি আসনে নির্বাচন করবে।
জামায়াতের জোট থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ বের হয়ে যাওয়ায় অবশিষ্ট ৪৭টি আসনে কারা প্রার্থী হতে পারেন- এখন তা নিয়েই শুরু হয়েছে আলোচনা।
জানা গেছে, এই আসনগুলো সমঝোতার ভিত্তিতে জোটের অন্য দলগুলোর মধ্যে বিতরণ করা হবে।নাম প্রকাশ না করার শর্তে জোটের এক নেতা গণমাধ্যমকে জানিয়েছেন, অবশিষ্ট ৪৭টি আসনের মধ্যে ৩৫ থেকে ৪০টি আসনে প্রার্থী দেবে জামায়াত এবং বাকি আসনগুলো ভাগাভাগি করা হবে এনসিপি, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও এবি পার্টিসহ জোটের অন্য শরিকদের মাঝে।
যদিও ১০ দলীয় জোটের পক্ষ থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ইউডি/এআর

