রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪ নারীর লাশ উদ্ধার

রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪ নারীর লাশ উদ্ধার

উত্তরদক্ষিণ। শনিবার, ১৭ জানুয়ারি , ২০২৬, আপডেট ২০:০০

রাজধানীর বাড্ডা, মিরপুর, ডেমরা ও যাত্রাবাড়ী এলাকা থেকে চার নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৭ জানুয়ারি) দিবাগত রাত থেকে শনিবার সকালের মধ্যে এই মরদেহগুলো উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য পুলিশ মরদেহগুলো ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

যাত্রাবাড়ী কোনাপাড়া আদর্শবাগ এলাকার একটি বাসা থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় আশা আক্তার (২৯) নামের এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

তাঁর ভাই আব্দুল্লাহ আকাশ গণমাধ্যমকে জানান, আশা একটি পারলারে চাকরি করতেন। তাঁর প্রথম স্বামীর সঙ্গে ডিভোর্স হয়ে গেছে। সেই সংসারে এক মেয়ে রয়েছে। পরে অন্য এক ছেলের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক তৈরি হয়।

সেই সম্পর্কে টানাপোড়েনের কারণে শুক্রবার রাতে বাসায় গলায় ফাঁস দেন তিনি।খবর পেয়ে পুলিশের সহযোগিতায় তাঁর লাশ উদ্ধার করা হয়। আশা আক্তারের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের ভৈরব উপজেলায়। বাবার নাম আব্দুল কালাম।

মিরপুর ১০ নম্বর সেক্টরের একটি বাসা থেকে সানজিদা ইসলাম মিম (১৯) নামের এক তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। শনিবার ভোরে স্বজনরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে সকাল সাড়ে ১০টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।বাড্ডার আফতাবনগর বাঘাপুর এলাকায় পারিবারিক কলহের জেরে সুবর্ণা খাতুন (৩০) নামে এক নারী আত্মহত্যা করেছেন।

বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) ফাতেমা সিদ্দিকা সোমা জানান, স্বামীর সঙ্গে কলহের জেরে শুক্রবার রাত দেড়টার দিকে তিনি গলায় ফাঁস দেন। সুবর্ণার বাড়ি নাটোরের সিংড়া উপজেলায়।

এদিকে ডেমরার পূর্ব বক্সনগর এলাকার একটি বাড়ি থেকে কোহিনূর (৩৬) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে ডেমরা থানা-পুলিশ।

শুক্রবার রাত ৩টার দিকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। নিহতের বাড়ি খুলনার কয়রা উপজেলায়।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading