ফিফা বিশ্বকাপ বয়কটের ডাক জার্মানির!

ফিফা বিশ্বকাপ বয়কটের ডাক জার্মানির!

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, আপডেট ১২:৫৫

বেশকিছু দিন ধরেই ইউরোপের দেশ গ্রিনল্যান্ড দখলে উঠেপড়ে লেগেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চলটির দখল প্রচেষ্টার বিরোধিতা করায় জার্মানিসহ আটটি দেশের ওপর শুল্ক আরোপের হুমকিও দিয়ে রেখেছেন তিনি। ট্রাম্পের এমন সিদ্ধান্তে বিশ্বকাপ ফুটবল বয়কটের দাবি উঠেছে জার্মানিতে।

আমেরিকার গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনার বিরোধিতা করেছে ডেনমার্ক, জার্মানিসহ ইউরোপের আটটি দেশে। ক্ষুব্ধ হয়ে দেশগুলোর ওপর উচ্চ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প। সেই হুমকির পাল্টা পদক্ষেপ হিসেবেই এই সিদ্ধান্ত নিতে চাইছে জার্মানির রাজনীতিবিদরা।

তবে জার্মানি সরকার অবশ্য স্পষ্ট করে বলেছে, এই সিদ্ধান্ত নেয়ার অধিকার রাজনীতিকদের নেই, বরং সেটি জার্মান ফুটবল ফেডারেশন (ডিএফবি) এবং ফিফার। অর্থাৎ রাজনৈতিক চাপ থাকলেও শেষ পর্যন্ত ক্রীড়া সংস্থাগুলোর সিদ্ধান্তের দিকেই তাকিয়ে থাকবে জার্মানি সরকার।

এদিকে জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎসের দল সিডিইউর প্রভাবশালী সংসদ সদস্য রোদেরিখ কিসেভেটার বলেছেন, যদি ট্রাম্প হুমকি বাস্তবায়ন করেন ও ইউরোপের সঙ্গে বাণিজ্যযুদ্ধ শুরু করেন, তাহলে ইউরোপীয় দেশগুলোর বিশ্বকাপে অংশ নেয়া কঠিন হয়ে পড়বে। সাম্প্রতিক এক জনমত জরিপে দেখা গেছে, জার্মানির ৪৭ শতাংশ নাগরিক ২০২৬ বিশ্বকাপ বর্জনের পক্ষে মত দিয়েছেন।

শুল্ক আরোপের আট দেশের মধ্যে রয়েছে ফ্রান্সও। কিন্তু মার্কিন প্রেসিডেন্টের এমন হুমকির পরও ২০২৬ ফিফা বিশ্বকাপ বয়কট করার কথা ভাবছে না বলে জানিয়েছেন ফ্রান্সের ক্রীড়ামন্ত্রী মারিনা ফেরারি।

তিনি বলেন, ‘এই মুহূর্তে আমরা বলছি, এই বড় ও বহু-প্রত্যাশিত প্রতিযোগিতা বয়কট করার কোনো ইচ্ছা মন্ত্রণালয়ের নেই। সামনে কী হতে পারে, তা আগে থেকে অনুমান করছি না আমি।’

২০২৬ সালের বিশ্বকাপ যৌথভাবে আমেরিকা, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ম্যাচের বড় অংশ আয়োজন করবে আমেরিকা।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading