ময়মনসিংহে পৌঁছেছেন তারেক রহমান
উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, আপডেট ১৬:২৫
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় অংশ নিতে ময়মনসিংহে পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে তিনি সড়কপথে ময়মনসিংহ শহরে পৌঁছান। এর আগে বেলা ১১টায় ঢাকার গুলশান থেকে তিনি ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন।
ময়মনসিংহে পৌঁছে তিনি প্রথমে জেলা সার্কিট হাউসে কিছুক্ষণ বিশ্রাম নেবেন। এরপর সার্কিট হাউজ মাঠে আয়োজিত বিশাল নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।
এদিকে, ময়মনসিংহ জেলার ১১টি সংসদীয় আসনের মধ্যে ৮টিতেই বিদ্রোহী প্রার্থী থাকায় স্থানীয় নির্বাচনী রাজনীতিতে ভিন্ন মাত্রা যুক্ত হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, দুপুর ২টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও এখন তিনি সমাবেশ মঞ্চে উপস্থিত হননি।
এদিকে শহর ও ময়মনসিংহের বিভিন্ন থানা, ওয়ার্ড থেকে ছোট-ছোট মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশ মাঠে আসতে শুরু করেছে।
তারেক রহমানের আগমন উপলক্ষ্যে ময়মনসিংহ শহরে বিভিন্ন মোড়ে শোভা পাচ্ছে তারেক রহমান ও দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের বড় বড় ছবি।
ময়মনসিংহের জনসভা শেষে তারেক রহমান গাজীপুরের রাজবাড়ী মাঠ এবং উত্তরার আজমপুর ঈদগাঁও মাঠে পৃথক নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন। এসব কর্মসূচি শেষে তিনি ঢাকার গুলশানে তার বাসভবনে ফিরে যাবেন।
ইউডি/এআর

