ষড়যন্ত্রকারীরা জামায়াত আমিরের অ্যাকাউন্ট নিয়ন্ত্রণে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে: জুবায়ের
উত্তরদক্ষিণ। রবিবার, ০১ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ১২:১৭
ষড়যন্ত্রকারীরা জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট নিয়ন্ত্রণে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে বলে জানিয়েছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।
রবিবার (১ ফেব্রুয়ারি) বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
জুবায়ের বলেন, জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট অত্যন্ত ষড়যন্ত্রমূলকভাবে হ্যাক করা হয়েছে। মনে হচ্ছে চক্রান্তকারীরা কয়েকদিন ধরে প্রস্তুতি নিয়েই করেছে। এখানে গভীর ষড়যন্ত্র রয়েছে। তাদের নিয়ন্ত্রণে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে।
জামায়াতের এ নেতা আরও বলেন, দায় সারতে একদল লোক কর্মসূচি দিয়েছিল, আমরা মনে করছি তাদের সাইবার টিম এসব করছে।
এ ঘটনায় শনিবার রাতে থানায় জিডি করা হয়েছে জানিয়ে তিনি বলেন, আগামীতে আইনি পদক্ষেপসহ সব ধরনের পদক্ষেপ নেয়া হবে।
জামায়াত ইসলামীকে বিতর্কিত করার অপচেষ্টা চলছে অভিযোগ করে জুবায়ের বলেন, একদল লোক জামায়াতকে প্রশ্নবিদ্ধ করতে এমন চক্রান্ত করছে। এ বিষয়ে নির্বাচন কমিশনকেও (ইসি) জানানো হবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর তথ্য প্রযুক্তি বিভাগ থেকে সংবাদ সম্মেলনে জানানো হয়, দীর্ঘদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় সাইবার অ্যাটাকের চেষ্টা চলছে। শুধু আমিরের এক্স হ্যান্ডেলই নয় আরেকটি ফেসবুক পেজকেও তারা কন্ট্রোলে নিয়েছিল।
ড. শফিকুল ইসলাম মাসুদসহ একাধিক নেতার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোতে সাইবার আক্রমণ করা হয়েছে বলে জানানো হয়।
এর আগে দলটির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও ছাত্র শিবিরের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম শনিবার রাতে বলেন, শনিবার বিকেল ৪টার দিকে হঠাৎ করেই হ্যাক হয় জামায়াত আমিরের ব্যক্তিগত এক্স অ্যাকাউন্ট। এর কিছুক্ষণ পরই সাড়ে ৪টার দিকে আইডি থেকে একটি নারী অবমাননাকর ও অপ্রত্যাশিত পোস্ট করা হয়। বিষয়টি নজরে আসতেই দলের সাইবার টিম আইডি উদ্ধারে কাজ শুরু করে এবং বিকেল ৫টার পর অ্যাকাউন্টটি পুনরায় নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়।
দ্রুততম সময়ে বিতর্কিত পোস্টটি সরিয়ে ফেলা হলেও ততক্ষণে বিভিন্ন প্ল্যাটফর্মে তা নিয়ে অপপ্রচার শুরু হয় বলেও জানান তিনি।
এ ঘটনায় হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলে জানান সিরাজুল ইসলাম।
ইউডি/রেজা

