কার মদদে হামলা, ইন্টেরিমকে জবাব দিতে হবে: ডাকসু ভিপি
উত্তরদক্ষিণ। শুক্রবার , ০৬ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ২০:৪০
শহীদ শরীফ ওসমান হাদী হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে চলমান আন্দোলনে গুলিবর্ষণ ও হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। তিনি বলেন, কার মদদে এই হামলা করা হয়েছে, ইন্টেরিমকে জবাব দিতে হবে।শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই প্রতিক্রিয়া জানান।পোস্টে সাদিক কায়েম বলেন, চলমান আন্দোলনে ইনকিলাব মঞ্চের আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন। এছাড়াও ইনকিলাব মঞ্চের ফাতেমা তাসনিম জুমা (মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক, ডাকসু), শান্তা আক্তার (সদস্য, জকসু), সালাউদ্দীন আম্মার (জিএস, রাকসু)সহ শতাধিক আন্দোলনকারী আহত হয়েছেন।ডাকসু ভিপি বলেন, শহীদ শরীফ ওসমান হাদীর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচারে সরকার ব্যর্থই কেবল হয়নি, উপরন্তু বিচারের দাবিতে আন্দোলনরতদের ওপর গুলিবর্ষণ ও হামলা করা হয়েছে। ফ্যাসিবাদী কায়দায় এ ধরনের ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাই।তিনি আরও প্রশ্ন তুলে বলেন, ইন্টেরিমকে জবাব দিতে হবে—কার মদদে, কার নির্দেশে এই হামলা হয়েছে? ওসমান হাদী হত্যার বিচারের দাবিকে এত ভয় কিসের? কে বা কারা জাস্টিসকে গলাচেপে হত্যা করতে চায়?হামলার পেছনের নির্দেশদাতা ও মদদদাতাদের চিহ্নিত করে জবাবদিহির দাবি জানিয়ে সাদিক কায়েম বলেন, এই হামলার দায় এড়ানোর কোনো সুযোগ নেই এবং অন্তর্বর্তী সরকারকে এর ব্যাখ্যা দিতে হবে।
ইউডি/এআর

