রমজান শুরুর তারিখ ঘোষণা করল ওমান
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ০৭:৩০
প্রথম দেশ হিসেবে প্রায় এক সপ্তাহ আগেই পবিত্র রমজান মাস শুরুর তারিখ ঘোষণা করল মধ্যপ্রাচ্যের দেশ ওমান। আগামী ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) রমজানের প্রথমদিন হবে দেশটি।
বুধবার (১১ ফেব্রুয়ারি) জ্যোতির্বিদ্যার হিসাব-নিকাশের ওপর ভিত্তি করে এই ঘোষনা দেয় ওমানের চাঁদ দেখার প্রধান কমিটি।
কমিটি বলেছে, আগামী ১৭ ফেব্রুয়ারি ওমানে শাবান মাসের ২৯তম দিন হবে। কিন্তু সেদিন আকাশে দেখা যাবে না রমজানের অর্ধচন্দ্র। ১৮ ফেব্রুয়ারি শাবান মাস ৩০দিন পূর্ণ করবে, যার ফলে পরের দিন থেকে রমজান শুরু হবে।
দেশটির জ্যোতির্বিদ্যার কেন্দ্রর তথ্য অনুসারে, আগামী ১৭ ফেব্রুয়ারি ওমানের সব অঞ্চলেই চাঁদ সূযাস্তের আগেই অস্ত যাবে, ফলে ওইদিন চাঁদ দেখা অসম্ভব।
ওমানের চাঁদ দেখা কমিটি জানিয়েছে, রমজান মাসের শুরু নিশ্চিত করার জন্য কমিটি কর্তৃক ব্যবহৃত প্রতিষ্ঠিত ধর্মীয় ও বৈজ্ঞানিক মানদণ্ডের সঙ্গে সঙ্গতিপূর্ণভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে আগামী ১৭ ফেব্রুয়ারি পবিত্র রমজান মাসের চাঁদ দেখার ঘোষণা দিয়েছে সৌদি আরব।
সৌদি আরবের সুপ্রিম কোর্ট জানিয়েছে, এবারের রমজান মাসের চাঁদ দেখার আনুষ্ঠানিক কার্যক্রম অনুষ্ঠিত হবে মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি, ২৯ শাবান। ওই দিন সূর্যাস্তের পর দেশজুড়ে অনুমোদিত পর্যবেক্ষকদের মাধ্যমে চাঁদ দেখার চেষ্টা করা হবে। যদি ওই দিন সন্ধ্যায় রমজানের চাঁদ দেখা যায়, তবে বুধবার ১৮ ফেব্রুয়ারি হবে পবিত্র রমজানের প্রথম দিন। আর চাঁদ দেখা না গেলে শাবান মাস ৩০ দিনে পূর্ণ হবে এবং ১৯ ফেব্রুয়ারি থেকে রমজান শুরু হবে।
সূত্র: গালফ নিউজ
ইউডি/কেএস

