ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্যদের গেজেট প্রকাশ

ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্যদের গেজেট প্রকাশ

উত্তরদক্ষিণ। শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ১৩:১০

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে গণভোটের গেজেটও প্রকাশ করেছে সংস্থাটি।

শুক্রবার গভীর রাতে জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৭ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য এবং গণভোটের সরকারি ফলাফলের গেজেট প্রকাশ করা হয়েছে। নির্বাচন কমিশনের আদেশক্রমে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদের স্বাক্ষরে ১২ হাজার ৭১৩ পৃষ্ঠায় এ গেজেট প্রকাশিত হয়।

এতে বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ (১৯৭২ সালের রাষ্ট্রপতির আদেশ নম্বর-১৫৫) এর অনুচ্ছেদ ৩৯ এর দফা (৪) অনুসারে নির্বাচনী এলাকাগুলো থেকে জাতীয় সদস্য হিসেবে নির্বাচিত প্রার্থীদের নাম, পিতা/স্বামীর নাম, মাতার নাম ও ঠিকানা প্রকাশ করা হয়েছে।

বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণের পর বেসরকারি ফলাফল ঘোষণা করে ইসি। সারাদেশ থেকে আসা বিজয়ীদের চূড়ান্ত তালিকা ঘোষণা শুক্রবার দুপুরে শেষ হয়। ভোটের হার দাঁড়িয়েছে ৫৯ দশমিক ৪৪ শতাংশ।

গেজেটে সংসদীয় ১ থেকে ৩০০ আসনের ক্রমানুসারে নবনির্বাচিত সংসদ সদস্যদের তালিকা দেওয়া হয়েছে। সেই সঙ্গে ভোটগ্রহণ না হওয়া শেরপুর-৩ আসন এবং ভোটগ্রহণ হওয়ার পরও আইন জটিলতায় স্থগিত রাখা দুটি আসনের তথ্যের জায়গা ফাঁকা রাখা হয়েছে।

গেজেট প্রকাশের পর নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ানোর তারিখ ঘোষণা এখন সময়ের ব্যাপার মাত্র। আবার শপথ পড়ানোর আইনি জটিলতাও রয়েছে। আইন অনুযায়ী স্পিকার নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ান।

তবে দ্বাদশ সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী জুলাই অভ্যুত্থানের পর থেকে অজ্ঞাতবাসে রয়েছেন। তার অনুপস্থিতিতে এই দায়িত্ব পালন করার কথা ডেপুটি স্পিকারের। দ্বাদশ সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু জুলাই অভ্যুত্থানের মামলায় কারাগারে। তাদের অনুপস্থিতিতে শপথ পড়ানোর সুযোগ রয়েছে বলে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন। তবে কে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন, তা এখনো নির্দিষ্ট করে জানা যায়নি। এ ক্ষেত্রে প্রধান নির্বাচন কমিশনারও শপথ পড়াতে পারেন- এমন আইনি ব্যাখ্যাও রয়েছে।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading