সরকার গঠনের আগমুহূর্তে যে বার্তা দিলেন তারেক রহমান
উত্তরদক্ষিণ। শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ১৮:২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর প্রথম সংবাদ সম্মেলনে দেশবাসীর প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৈষম্যহীন ও নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্য সামনে রেখে তিনি রাজনৈতিক বিভেদ ভুলে রাষ্ট্র পুনর্গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘জাতীয় ঐক্য আমাদের সবচেয়ে বড় শক্তি। বিভাজন কোনো সমস্যার সমাধান নয়।’ জনগণের ভোটে অর্জিত এই বিজয়কে তিনি গণতন্ত্রের জয় হিসেবে উল্লেখ করেন।
নির্বাচন কমিশনের ঘোষিত ফলাফল অনুযায়ী, ২৯৯টি আসনের মধ্যে ২৯৭টির ফলাফলে বিএনপি ২০৯টি আসনে জয় পেয়েছে। স্থগিত থাকা দুটি আসনেও দলটির প্রার্থীরা এগিয়ে রয়েছেন। জোটসঙ্গীরা আরও তিনটি আসন লাভ করেছে।
বিজয়ের পর নেতাকর্মীদের শান্ত ও সংযত থাকার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীল আচরণ করতে হবে এবং নিজেদের জনগণের সেবক হিসেবে প্রমাণ করতে হবে।
তিনি আরও বলেন, ভিন্নমত গণতন্ত্রের অংশ হলেও জাতীয় স্বার্থে ঐক্য বজায় রাখা জরুরি। পাশাপাশি সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
ইউডি/এআর

