সেনাবাহিনীর আরও দুই ঊর্ধ্বতন কর্মকর্তার পদোন্নতি
উত্তরদক্ষিণ। সোমবর, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ২১:৫০
সেনাবাহিনীর আরও দুই পদে রদবদল ও পদোন্নতি দেওয়া হয়েছে। সোমবার ও রোববার সেনাসদর থেকে পৃথক আদেশের মাধ্যমে এই পরিবর্তন আনা হয়। সেনাবাহিনীর একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
এই দুই সেনা কর্মকর্তার মধ্যে ১০ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) এবং কক্সবাজার এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলমকে লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি দিয়ে আর্টডকের জিওসি করা হয়েছে।
এছাড়া সেনাসদরের একটি পরিদপ্তরের পরিচালকের দায়িত্বে থাকা ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ মাহিকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে ১০ পদাতিক ডিভিশনের জিওসি ও কক্সবাজার এরিয়া কমান্ডার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এর আগে রবিবার (২২ ফেব্রুয়ারি) বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষস্থানীয় কয়েকটি পদে রদবদল হয়।সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ হিসেবে নিয়োগ দেওয়া হয় লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান।
এর আগে তিনি আর্টডকের জিওসি ছিলেন।সশস্ত্র বাহিনী বিভাগের বর্তমান প্রিন্সিপাল স্টাফ অফিসের লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানকে রাষ্ট্রদূত করে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়।
নতুন প্রিন্সিপাল স্টাফ অফিস হিসেবে নিয়োগ পান মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান, এর আগে তিনি ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ছিলেন।
এ ছাড়া মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলামকে ৫৫ পদাতিক ডিভিশন থেকে ইস্টবেঙ্গল রেজিমেন্টাল সেন্টারে বদলি করা হয়। আবার ইস্টবেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের কমান্ড্যান্ট মেজর জেনারেল ফেরদৌস হাসানকে ২৪ পদাতিক ডিভিশনের জিওসি করা হয়।
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে কর্মরত ব্রিগেডিয়ার জেনারেল মো. হাফিজুর রহমানকে মেজর জেনারেলে পদোন্নতি দিয়ে ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি করা হয়।
ইউডি/এআর

