আজ বইমেলার উদ্বোধন ও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রদান করবেন প্রধানমন্ত্রী
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ০৮:০০
‘বহুমাত্রিক বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা-২০২৬। আজ বৃহস্পতিবার দুপুর ২টায় প্রধান অতিথি হিসেবে বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৫ বিজয়ীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেবেন।
বাংলা ভাষা, সাহিত্য ও চিন্তার এই বার্ষিক মিলনমেলা এবার যেন নতুন এক বাস্তবতার সাক্ষী হচ্ছে, নির্বাচন পরবর্তী প্রথম বইমেলা হিসেবে।
আজ দুপুর ২টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধানমন্ত্রী ১৮ দিনব্যাপী এ সাংস্কৃতিক ও প্রকাশনা উৎসবের শুভ সূচনা ঘোষণা করবেন। উদ্বোধন শেষে তিনি মেলাপ্রাঙ্গণ ঘুরে দেখবেন।
প্রথাগতভাবে ফেব্রুয়ারির প্রথম দিন থেকেই শুরু হওয়ার কথা থাকলেও এ বছর রাজনৈতিক বাস্তবতার কারণে বইমেলার সময়সূচিতে একাধিকবার পরিবর্তন আনা হয়।পরবর্তীতে প্রকাশকদের মাঝে সমঝোতা না হওয়ায় মেলা শুরুর তারিখ পেছানো হয়। তবে শেষ পর্যন্ত সকল প্রকাশকদের অংশগ্রহণে, সরকারের তরফ থেকে সম্পূর্ণ স্টল ভাড়া মওকুফ করে, প্যাভিলিয়ন থাকবে না–এই শর্তে ভাষার মাসের সূচনায় নয়, বরং ফেব্রুয়ারির শেষ ভাগে এসে শুরু হচ্ছে এবারের আয়োজন। যা বইমেলার ইতিহাসে এক ভিন্ন অধ্যায় হিসেবে যুক্ত হলো।
এই বিলম্ব প্রকাশনা শিল্পের জন্য যেমন চ্যালেঞ্জ তৈরি করেছে, তেমনি পাঠকদের মধ্যে তৈরি করেছে দীর্ঘ প্রতীক্ষার অনুভূতি। প্রকাশকরা বলছেন, সময় কমলেও নতুন বই প্রকাশের উৎসাহে কোনো ঘাটতি নেই। বরং নির্বাচন-পরবর্তী সামাজিক বাস্তবতা এবার বইয়ের বিষয়বস্তুকেও নতুন মাত্রা দিয়েছে।
বাংলা একাডেমি প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে বেলা ১টা ৩০ মিনিটে অতিথিদের আসন গ্রহণের মাধ্যমে। দুপুর ২টায় প্রধান অতিথির আগমনের পর সম্মিলিত কণ্ঠে পরিবেশিত হবে জাতীয় সংগীত। পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ এবং অমর সংগীত ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’ পরিবেশনের মধ্য দিয়ে এগিয়ে যাবে অনুষ্ঠান।
ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ এবং সাম্প্রতিক জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের স্মরণে পালন করা হবে নীরবতা। যা এবারের উদ্বোধনী অনুষ্ঠানে ইতিহাসের ধারাবাহিক স্মৃতিকে একসূত্রে বেঁধে দেবে।
স্বাগত বক্তব্য প্রদান করবেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। শুভেচ্ছা বক্তব্য দেবেন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি মো. রেজাউল করিম বাদশা এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক।
অনুষ্ঠানে প্রদান করা হবে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫। এরপর প্রধান অতিথির ভাষণের পরপরই আনুষ্ঠানিকভাবে বইমেলার দ্বার খুলবে পাঠক দর্শনার্থীদের জন্য।
আগামী ১৫ মার্চ পর্যন্ত চলবে এ বছরের বইমেলা। ছুটির দিন ব্যতীত প্রতিদিন বেলা ২টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা খোলা থাকবে; রাত ৮টা ৩০ মিনিটের পর নতুন করে প্রবেশ বন্ধ থাকবে। ছুটির দিনে সকাল ১১টা থেকেই দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে মেলাপ্রাঙ্গণ।
ইউডি/কেএস

