জঙ্গল সলিমপুরে হেলিকপ্টার নিয়ে সাঁড়াশি অভিযান: অস্ত্র-বিস্ফোরকসহ আটক ১২
উত্তরদক্ষিণ। সোমবার, ০৯ মার্চ, ২০২৬, আপডেট ২১:৩৩
চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ধরতে তিনটি হেলিকপ্টার নিয়ে অভিযান পরিচালনা করা হয়েছে। এ অভিযানে অংশ নেন তিন হাজার ১৮৩ জন যৌথ বাহিনীর সদস্য। অভিযানে অস্ত্র-বিস্ফোরকসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার এবং ১২ জনকে আটক করা হয়েছে। একইসঙ্গে ওই এলাকায় দুটি অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে। পাশাপাশি সেখানে স্থাপন করা হবে র্যাবের একটি ক্যাম্পও।
সোমবার (০৯ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এসব তথ্য জানিয়েছেন চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি ও শিল্পাঞ্চল) মো. রাসেল। এর আগে ভোর ৬টা থেকে সীতাকুণ্ড মডেল থানাধীন জঙ্গল সলিমপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে গিয়ে শুরুতে প্রতিবন্ধকতার মুখে পড়ে যৌথ বাহিনী। কোথাও রাস্তার ওপর রাখা হয়েছে বড় ট্রাক। কোথাও আবার ভেঙে ফেলা হয়েছে কালভার্ট। নালার স্ল্যাবও তুলে ফেলা হয়েছে একটি স্থানে। এতে নানা স্থানে বাধার মুখে পড়ে যৌথ বাহিনী। সেগুলোর মধ্য দিয়ে অভিযান চালানো হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের ধারণা, অভিযানের খবর আগেই পেয়েছে জঙ্গল সলিমপুরের সন্ত্রাসীদের একটি অংশ। তাই গতকাল রাতেই প্রতিবন্ধকতা তৈরি করেছে সন্ত্রাসীরা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি যাতে ভেতরে প্রবেশ করতে না পারে, সেজন্য কালভার্ট ভেঙে ফেলা হয়। রাস্তার ওপর ট্রাক রেখে সড়কে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। একটি নালার স্ল্যাবও তুলে ফেলা হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্যমতে, জঙ্গল সলিমপুর এলাকায় দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কর্মকাণ্ড, অবৈধ অস্ত্র মজুত, পাহাড় কেটে প্লট বিক্রি, অপরাধীদের আশ্রয়স্থল তৈরি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির পরিপ্রেক্ষিতে যৌথ বাহিনীর এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
ইউডি/এআর

