বায়তুল মোকাররমে হাজারো মুসল্লির অংশগ্রহণে তৃতীয় জামাত অনুষ্ঠিত

বায়তুল মোকাররমে হাজারো মুসল্লির অংশগ্রহণে তৃতীয় জামাত অনুষ্ঠিত

উত্তরদক্ষিণ। শনিবার, ২১ মার্চ, ২০২৬, আপডেট ১০:১০

রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামজের তৃতীয় জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ মার্চ) সকাল ৯টায় অনুষ্ঠিত তৃতীয় জামাতে ইমামতি করেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মাওলানা মো. জাকির হোসেন। প্রথম দুই জামাতের মতো তৃতীয় জামাতেও কয়েক হাজার মুসল্লি অংশগ্রহণ করেন। নামাজ শেষে জাতির কল্যাণে দীর্ঘ সময়ের মোনাজাত ও দোয়া অনুষ্ঠিত হয়।

এর আগে সকাল ৭টায় জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমানের ইমামতিতে প্রথম জামাত এবং পেশ ইমাম মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভীর ইমামতিতে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়।

প্রথম, দ্বিতীয় ও তৃতীয় জামাতের প্রতিটিতে কয়েক হাজার ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন এবং নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

তৃতীয় জামাত শেষে দোয়া ও মোনাজাতে আল্লাহর কাছে গুনাহ থেকে মাফ চাওয়া ছাড়াও দেশ ও জাতির জন্য কল্যাণ কামনা করা হয়। দেশের উপর যেসব বালা-মুসিবত রয়েছে, তা থেকে বেঁচে থাকতে মহান আল্লাহর রহমত প্রার্থনা করা হয়।

এছাড়া মোনাজাতে রমজান মাসের রোজা ও অন্যান্য এবাদত যাতে আল্লাহ কবুলের জন্য আল্লাহর কাছে আর্তি জানানো হয়। মৃত আত্মীয়-স্বজনদের জন্যও জান্নাত কামনা করা হয় মোনাজাতে।

এসময় মুসল্লির অনেকেই চোখের জলে নিজের গুনাহের জন্য আল্লাহর কাছে মাফ চাইতে দেখা গেছে। মোনাজাতে পৃথিবীর বিভিন্ন দেশে নিপীড়িত মুসলমানদের হেফাজতের জন্যও দোয়া করা হয়।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে ঈদের পরবর্তী জামাতগুলো অনুষ্ঠিত হবে সকাল ১০টা এবং ১০টা ৪৫ মিনিটে।

চতুর্থ জামাতে ইমাম প্রশিক্ষণ একাডেমির ধর্মীয় প্রশিক্ষক মাওলানা যোবায়ের আহমেদ আল আযহারী এবং পঞ্চম ও শেষ জামাতে ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ ইমামতির দায়িত্ব পালন করবেন।

এছাড়া বিকল্প ইমাম হিসেবে ইসলামিক ফাউন্ডেশনের সহকারী লাইব্রেরিয়ান মাওলানা শহীদুল ইসলাম প্রস্তুত থাকবেন।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading