ইরান যুদ্ধের জেরে আমেরিকায় রেকর্ড মূল্যস্ফীতি
উত্তরদক্ষিণ। মঙ্গলবার (১২ মে) ২০২৬, আপডেট ২৩:৫৮
ইরানের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের চলমান যুদ্ধের জেরে ভয়াবহ মূল্যস্ফীতির মুখে পড়েছেন মার্কিনিরা।
মঙ্গলবার প্রকাশিত সবশেষ ভোক্তা মূল্য সূচক (সিপিআই) অনুযায়ী, গত মাসে পণ্যের দাম বেড়েছে শূন্য দশমিক ৬ শতাংশ, যা গত বছরের তুলনায় ৩ দশমিক ৮ শতাংশ বেশি। মধ্যবর্তী নির্বাচনের আগে শক্তিশালী অর্থনীতির প্রচার চালাতে চাওয়া রিপাবলিকান ও ট্রাম্প প্রশাসনের জন্য এই অর্থনৈতিক পরিস্থিতি এক বড় সংকট হিসেবে দেখা হচ্ছে।
মূল্যস্ফীতির এই উল্লম্ফনের প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে জ্বালানির আকাশচুম্বী দাম। এপ্রিলে পেট্রোলের দাম বেড়েছে ৫ দশমিক ৪ শতাংশ, যা গত বছরের তুলনায় ২৮ শতাংশেরও বেশি। গত মাসে তেলের দাম ৫ দশমিক ৮ শতাংশ বেড়েছে এবং গত বছরের তুলনায় এই বৃদ্ধির হার ৫৪ শতাংশের বেশি। গ্যাসবাডি ডটকম-এর তথ্যমতে, বর্তমানে যুক্তরাষ্ট্রে প্রতি গ্যালন পেট্রোলের গড় দাম ৪.৫০ ডলার এবং ডিজেলের দাম ৫.৬৩ ডলার।
জ্বালানির পাশাপাশি খাদ্যপণ্যের দামও বেড়েছে। গত মাসে সামগ্রিকভাবে খাদ্যের দাম শূন্য দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। মুদিপণ্য এবং বাইরে খাওয়ার খরচ গত বছরের চেয়ে ৩ শতাংশের বেশি বেড়েছে। আবাসনের খরচও গত বছরের তুলনায় ৩ দশমিক ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
পণ্যমূল্য যে হারে বাড়ছে, তাতে মার্কিনিদের গত এক বছরের অর্জিত মজুরি বৃদ্ধির সুফল পুরোপুরি ধুয়ে গেছে। মজুরি ৩ দশমিক ৬ শতাংশ বাড়লেও মূল্যস্ফীতির হার (৩.৮ শতাংশ) তাকে ছাড়িয়ে গেছে। ক্রমবর্ধমান জ্বালানি খরচের কারণে গ্রীষ্মকালীন ছুটির আগে বিমান ভাড়ার দামও এপ্রিল মাসে ২.৮ শতাংশ বেড়েছে।
সোমবার ট্রাম্প দাবি করেছিলেন যে যুদ্ধ শেষ হলে তেলের দাম ‘পাথরের মতো দ্রুত’ কমে যাবে। তবে নিজের বেঁধে দেওয়া সময়ের মধ্যে কোনও চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হওয়ায় তিনি এখন চাপে রয়েছেন। তেহরানের সবশেষ প্রস্তাব প্রত্যাখ্যান করার পর ওভাল অফিসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে’ রয়েছে।
ইউডি/এবি

