আদ-দ্বীনের একজন বললেন ‘অ্যাক্সিডেন্টাল ডেথ’, আরেকজন বললেন ‘কজ আননোউন’
উত্তরদক্ষিণ। বুধবার, ২৭ মে, ২০২৬, আপডেট ১৩:৫০
রাজধানীর মগবাজারের আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় শিশুর মৃত্যুর ঘটনায় সংবাদ সম্মেলন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
এসময় আদ-দ্বীন হাসপাতাল ও নার্সিং ইনস্টিটিউটগুলোর মহাপরিচালক অধ্যাপক নাহিদ ইয়াসমিন বলেন, ঘটনাটি আমাদের জন্য অনেক কষ্টদায়ক। ঘটনাটি একটি ‘অ্যাক্সিডেন্টাল ডেথ’(দুর্ঘটনাজনিত মৃত্যু)। আমরা কারণগুলো খতিয়ে দেখছি, আমাদের সঙ্গে শিশু বিশেষজ্ঞও রয়েছেন, তার সঙ্গে কথা বলছি।
১১ জন মা থাকলে শিশু কীভাবে ৬ জন থাকে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, পোস্ট অপারেটিভ ওয়ার্ড কি তিন ভাগে বিভক্ত। যেখানে ঘটনাটি ঘটেছে সেখানে ৬ জন শিশুই ছিল।
তিনি জানান, সকাল ছয়টার সময় দায়িত্বরত নার্স দেখেছে (মায়েরাও নার্সকে বলেছে) শিশু অসুস্থ। দ্রুত তাদের এনআইসিইউতে নিয়ে যায় নার্সরা। এনআইসিইউ-তে নেওয়ার পর তারা দুই শিশুকে মৃত অবস্থায় পায়। চারটি শিশু খুবই ক্রিটিকাল অবস্থায় ছিল, তাদেরকে চিকিৎসকরা ভেন্টিলেশনে রাখে। পরে ওই শিশুদেরকেও বাঁচানো যায়নি।
সংবাদ সম্মেলনে আরেকজন শিশু বিশেষজ্ঞ চিকিৎসক (নাম নিশ্চিত হওয়া যায়নি) বলেন, মৃত্যুর কজ (কারণ) এখনো ‘আননোউন’ (অজানা)। প্রকৃত কারণ জানতে হলে রুমের বিস্তারিত যাচাই-বাছাই করতে হবে। কারণ জানাতে হলে হাতে পোস্টমর্টেম রিপোর্ট থাকতে হবে। এগুলো আমার কাছে নেই।
ইউডি/রেজা

