এক ঘণ্টা বন্ধের পর যমুনা সেতুতে যান চলাচল স্বাভাবিক
উত্তরদক্ষিণ। শনিবার, ০৬ জুন, ২০২৬, আপডেট ১৬:৪৫
টাঙ্গাইল অংশে দীর্ঘ যানজটের কারণে প্রায় এক ঘণ্টারও বেশি সময় ঢাকামুখী লেন বন্ধ রাখার পর যমুনা সেতুতে যান চলাচল স্বাভাবিক হয়েছে। বর্তমানে সেতুর দুই প্রান্তেই যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে সেতু কর্তৃপক্ষ।
শনিবার (৬ জুন) দুপুর আড়াইটার দিকে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে উত্তরবঙ্গমুখী যানবাহনের অতিরিক্ত চাপের কারণে টাঙ্গাইল অংশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শনিবার (৬ জুন) বেলা ১২টা ২০ মিনিট থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত যমুনা সেতুর পশ্চিম টোল প্লাজা বন্ধ রাখা হয়। এ সময় সেতুর ঢাকামুখী লেন দিয়ে যানবাহন চলাচল বন্ধ ছিল। ফলে সিরাজগঞ্জ মহাসড়কে যানজটের সৃষ্টি হয়।
সার্বিক বিষয়ে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, টাঙ্গাইল অংশে ব্যাপক যানজট থাকায় শনিবার বেলা ১২টা ২০ মিনিট থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত সেতুর পশ্চিম টোল প্লাজা বন্ধ রাখা হয়েছিল। এতে সেতুর ঢাকামুখী লেন বন্ধ ছিল। এখন যমুনা সেতু স্বাভাবিক হয়েছে। দুই প্রান্তেই যান চলাচল স্বাভাবিক রয়েছে।
ঈদুল আজহার ছুটি শেষে কর্মস্থলে ফেরা মানুষ এবং উত্তরবঙ্গগামী যাত্রীদের চাপের কারণে গত দুই দিন ধরে যমুনা সেতু ও এর দুই প্রান্তের মহাসড়কে বাড়তি চাপ ছিল। তবে যমুনা সেতুতে গত ২৪ ঘণ্টায় প্রায় ২৫টি যানবাহন বিকল হয়ে যাওয়ায় সেতুর দুই প্রান্তে ব্যাপক যানজট হয়েছিল। বেলা গড়ানোর সাথে সাথে কমে আসছে যানবাহনের চাপ।
ইউডি/কেএস

