এক বছরের মধ্যে বদলে যাবে ধানমন্ডি লেক: প্রতিমন্ত্রী শাহে আলম

এক বছরের মধ্যে বদলে যাবে ধানমন্ডি লেক: প্রতিমন্ত্রী শাহে আলম

উত্তরদক্ষিণ। শনিবার, ২৭ জুন, ২০২৬, আপডেট ১২:১৮

রাজধানীর বিভিন্ন ঝিল, লেক এবং জলাধার উন্নয়নে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

শনিবার (২৭ জুন) হাতিরঝিল এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘদিন লেকগুলো যে অব্যবস্থাপনায় ছিল তা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে দফায় দফায় মিটিং হয়েছে। আগামী এক বছরের মধ্যে ধানমন্ডি লেক সুন্দর একটি লেকে পরিবর্তন হবে। এছাড়া দীর্ঘ এক মাস ধরে হাতিরঝিল লেকে কাজ চলছে, সেটি আমরা পরিদর্শন ও তদারকি করছি।

হাতিরঝিলের পরিবেশ ভালো হবে জানিয়ে তিনি আরও বলেন, এখানে লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে, দুইপাশে মাটি ফেলে সুন্দর করা এবং সন্ধ্যার পর কোনো হকার যাতে না আসে, সে জন্যে আনসার মোতায়েনের কথা বলা হচ্ছে।

ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী শাহে আলম আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে ব্যবস্থা নেয়া হয়েছে। এডিসের যে লার্ভাগুলো পেয়েছি, তা অত্যন্ত ভয়াবহ। রেস্টুরেন্ট, বাসাবাড়ি, কোয়ার্টারে ৫০ শতাংশের বেশি লার্ভা পেয়েছি।

এ সময় স্কুলের পরিচ্ছন্নতা বিষয়ে তিনি বলেন, প্রতি শনিবার করে আমাদের উপজেলা লেভেলে সব স্কুল কলেজগুলো পরিষ্কার করা হবে। এটা জাতীয় পর্যায়েও বলা আছে।

বাসযোগ্য দেশ বানাতে সরকার কাজ করছে জানিয়ে তিনি বলেন, আমরা বাংলাদেশকে সিঙ্গাপুর বানাতে চাই না। কিন্তু আমরা বসবাসযোগ্য বানাতে চাই।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading