‘মাস্টারমাইন্ড’ নিয়ে সংসদে সরকারি ও বিরোধী দলের পাল্টাপাল্টি বক্তব্য
উত্তরদক্ষিণ। রবিবার (২৮ জুন) ২০২৬, আপডেট ২৩:০০
জুলাই গণ-অভ্যুত্থানের নেতৃত্ব ও মাস্টারমাইন্ড নিয়ে জাতীয় সংসদের বাজেট অধিবেশনে সরকারি দল বিএনপি এবং বিরোধী দল জামায়াতে ইসলামীর সংসদ সদস্যদের মধ্যে ভিন্ন ভিন্ন মত উঠে এসেছে।
রবিবার (২৮ জুৃন) অধিবেশন চলাকালে বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দেয়।
অধিবেশনে বিমান প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের একটি বক্তব্যের সূত্র ধরে বলেন, তারেক রহমানের নেতৃত্বেই জুলাই গণ-অভ্যুত্থান সফল হয়েছে। তিনি বিরোধীদলীয় নেতাকে উদ্ধৃত করে বলেন, আন্দোলনের প্রধান নায়ক হিসেবে তারেক রহমানকে কৃতিত্ব দিয়ে শফিকুর রহমান নিজেই এর বুদ্ধিবৃত্তিক ও সফল নেতৃত্বের কথা স্বীকার করেছিলেন। প্রতিমন্ত্রী বিরোধী দলের উদ্দেশে বলেন, তারেক রহমানের নেতৃত্বে এই অভ্যুত্থান সফল হয়েছে বলেই আজ দেশ এই জায়গায় এসেছে, তাই বাজেট নিয়ে চিন্তার কোনো কারণ নেই।
প্রতিমন্ত্রীর বক্তব্যের পরপরই এর প্রতিবাদ জানিয়ে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বিষয়টি পরিষ্কার করেন। তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের পেছনে একক কোনো মাস্টারমাইন্ড বা মাস্টারমাইন্ডের ধারণায় তিনি বিশ্বাস করেন না। ৫ আগস্টের পর থেকেই তিনি এই অবস্থানে অনড় আছেন জানিয়ে বলেন, ওই সময় যাদের নেতৃত্বে অভ্যুত্থান সফল হয়েছে, তাদের সবাইকে জাতি অন্তর থেকে সম্মান ও ভালোবাসার চোখে দেখে। তাদের এই অবস্থান অক্ষুণ্ণ রাখা অত্যন্ত জরুরি।
ইউডি/এবি

