কোয়ার্টারে আর্জেন্টিনাকে পেয়ে যা বলছেন সুইজারল্যান্ড কোচ

কোয়ার্টারে আর্জেন্টিনাকে পেয়ে যা বলছেন সুইজারল্যান্ড কোচ

উত্তরদক্ষিণ। বুধবার, ০৮ জুলাই, ২০২৬, আপডেট ১১:২০

টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে ৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে সুইজারল্যান্ড। নিঃসন্দেহে পরের ম্যাচ তাদের জন্য আরও বড় চ্যালেঞ্জ নিয়ে হাজির হবে। যেখানে তাদের প্রতিপক্ষ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তাদের শক্তিমত্তা নিয়ে জানেন সুইস কোচ মুরাত ইয়াকিন, তবে লিওনেল মেসির দল অপরাজেয় নয় বলে তিনি মন্তব্য করেছেন।

কানসাস সিটি স্টেডিয়ামে আগামী রোববার বাংলাদেশ সময় সকাল ৭টায় সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড। গতকাল (মঙ্গলবার) রাতেই রুদ্ধশ্বাস ম্যাচে মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে আলবিসেলেস্তেরা। যেখানে তারা ৭৮ মিনিট পর্যন্ত ২-০ ব্যবধানে পিছিয়ে ছিল, পরে ঘুরে দাঁড়িয়ে ৩ গোল দিয়ে মেসির দল জয় ছিনিয়ে নেয়। কয়েক ঘণ্টা পর কলম্বিয়াকে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে হারায় সুইসরা।

ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে সুইজারল্যান্ডের প্রধান কোচ মুরাত ইয়াকিন এবং দলের অভিজ্ঞ ডিফেন্ডার রিকার্ডো রদ্রিগেজ আলবিসেলেস্তেদের নিয়ে নিজেদের প্রত্যাশার কথা জানান, যদিও দুজনের মূল্যায়নে স্পষ্ট পার্থক্য দেখা যায়। আর্জেন্টিনার প্রসঙ্গে সুইস কোচ ইয়াকিন বলেন, ‘বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে খেলাটা বিশেষ একটি সুযোগ। তবে আর্জেন্টিনা অপরাজেয় নয়। অবশ্যই আমরা তাদের হারানোর চেষ্টা করব। আমরা দক্ষিণ আমেরিকার দলগুলোর মানসিকতা সম্পর্কে জানি।’

অন্যদিকে, সুইজারল্যান্ডের অন্যতম অভিজ্ঞ খেলোয়াড় রদ্রিগেজ আর্জেন্টিনাকে নিয়ে অনেক বেশি সতর্ক। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আর্জেন্টিনা দুর্দান্ত একটি দল। তাদের দলে অনেক শক্তিশালী খেলোয়াড় রয়েছে, একজন ভালো কোচ আছেন এবং আমরা জানি তারা কীভাবে খেলে। তাদের দলে বিশ্বের সেরা ফুটবলার মেসিও আছে।’

চলমান বিশ্বকাপ দিয়ে নিজের চতুর্থ আসর খেলছেন রদ্রিগেজ। দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে তিনি আগেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এবং এবারও সুইজারল্যান্ডের প্রতিটি ম্যাচেই ছিলেন শুরুর একাদশে। এদিকে, কলম্বিয়ার বিপক্ষে ম্যাচটিতে নামার আগে অনুশীলনে চোট পেয়েছিলেন সুইজারল্যান্ডের হয়ে এই বিশ্বকাপে সর্বোচ্চ ৩ গোল করা ইয়োহান মানজাম্বি। যে কারণে কোয়ার্টারে ওঠার ম্যাচটিতে তিনি ছিলেন না। আর্জেন্টিনা ম্যাচের আগে তিনি ফিট হয়ে উঠতে পারলে তা হবে সুইসদের জন্য বড় স্বস্তি হবে।

এ ছাড়া ইতোমধ্যেই চোটের কারণে মিশেল এবিশার ও লুকা ইয়াকেজকে ছাড়াই খেলতে হচ্ছে দলটিকে। দুজনই এখনও চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় রয়েছেন। ইয়োহান মানজাম্বির হাঁটুর চোট নিয়েও সুইস কোচ ইয়াকিন বলেন, ‘এ ধরনের চোট থেকে অল্প সময়ে সেরে উঠে না। ঠিক কী ধরনের চোট পেয়েছে, সেটাও আমরা এখনও নিশ্চিত নই। যদি সে খেলতে পারে, তাহলে অবশ্যই তাকে খেলাব। তবে কোনো ধরনের ঝুঁকিও নিতে চাই না।’

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading