বাংলাদেশেও মুক্তি পাচ্ছে ‘মোয়ানা’

বাংলাদেশেও মুক্তি পাচ্ছে ‘মোয়ানা’

উত্তরদক্ষিণ। শনিবার, ১১ জুলাই, ২০২৬, আপডেট ০৮:২০

অ্যানিমেশন সিনেমাপ্রেমীদের কাছে ‘মোয়ানা’ এক চিরসবুজ ও আবেগের নাম। ২০১৬ সালে ডিজনির এই মিউজিয়্যাল অ্যাডভেঞ্চার সিনেমাটি যখন প্রথম রূপালি পর্দায় আসে, তখন বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছিল। বক্স অফিসে প্রায় ৭০০ মিলিয়ন ডলারের চোখধাঁধানো ব্যবসার পর, ২০২৪ সালের নভেম্বরে আসে এর সিকুয়েল ‘মোয়ানা ২’। আগের সব রেকর্ড ভেঙে ১ বিলিয়ন ডলারের মাইলফলক স্পর্শ করে সিনেমাটি। বিশ্বজুড়ে তৈরি হয় কোটি কোটি ‘মোয়ানা’ ভক্ত।

এবার সেই ভক্তদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অ্যানিমেশনের গণ্ডি পেরিয়ে পুরোপুরি লাইভ-অ্যাকশনে পর্দায় আসছে ‘মোয়ানা’। সিনেমায় অ্যানিমেশনের কিছু ছোঁয়া থাকলেও, এবার মূল চরিত্রগুলোতে দেখা যাবে তারকাদের। টমাস কাইল পরিচালিত ওয়াল্ট ডিজনি পিকচার্সের এই বহুল প্রতীক্ষিত সিনেমাটি আন্তর্জাতিকভাবে মুক্তি পেতে যাচ্ছে আগামী ১০ জুলাই। একই দিনে বাংলাদেশের দর্শকদের জন্য স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে সিনেমাটি।

এবারের লাইভ-অ্যাকশন সংস্করণের সবচেয়ে বড় চমক হলো ‘মাউই’ চরিত্রটি। পর্দায় এই অর্ধ-দেবতার চরিত্রে সরাসরি হাজির হচ্ছেন হলিউড মেগাস্টার ডোয়াইন জনসন (দ্য রক)। মজার ব্যাপার হলো, ২০১৬ সালের মূল অ্যানিমেশন সিনেমাতেও এই চরিত্রটির নেপথ্যে কণ্ঠ দিয়েছিলেন তিনিই। তবে এবার শুধু কণ্ঠের জাদু নয়, নিজের অবয়ব নিয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন এই অ্যাকশন হিরো।

এদিকে সিনেমার নামভূমিকায় ‘মোয়ানা’র মতো সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের জন্য বিশ্বজুড়ে প্রায় ৩২ হাজারেরও বেশি আবেদনকারীর মধ্য থেকে অডিশনের মাধ্যমে বেছে নেওয়া হয়েছে নবাগতা ক্যাথরিন লাগাইয়াকে। পরিচালক টমাস কাইল জানান, প্রথম অডিশনেই ক্যাথরিনের কণ্ঠে ‘হাউ ফার আই’ল গো’ গানটি শুনে তিনি মুগ্ধ হয়েছিলেন। সেখানে চরিত্রটির বিশ্ব ভ্রমণের তীব্র আকাঙ্ক্ষা চমৎকারভাবে ফুটে উঠেছিল।

আগের মতোই সিনেমার মূল গল্প আবর্তিত হয়েছে সাহসী কিশোরী মোয়ানাকে কেন্দ্র করে, যে নিজের দ্বীপ ও দেশের মানুষকে বাঁচাতে এক বিপজ্জনক সমুদ্রযাত্রায় পা বাড়ায়। এই রোমাঞ্চকর অভিযানে তার সঙ্গী হয় শক্তিশালী কিন্তু অহংকারী অর্ধ-দেবতা মাউই। নানা প্রতিকূলতা ও বাধা পেরিয়ে তারা প্রকৃতির ভারসাম্য ফিরিয়ে আনার লড়াইয়ে নামে। মূল সিনেমার সেই চিরচেনা আবেগ, পারিবারিক বন্ধন, দায়িত্ববোধ এবং নিজের আত্মপরিচয় খুঁজে পাওয়ার চিরন্তন বার্তাগুলো এই লাইভ-অ্যাকশন সংস্করণেও অক্ষুণ্ন রাখা হয়েছে। সিনেমাটি ঘিরে ইতিমধ্যে ভক্তদের মাঝে যে তুমুল উন্মাদনা তৈরি হয়েছে, তাতে বক্স অফিসে আরও একটি দুর্দান্ত সাফল্যের সুবাস পাচ্ছে হলিউড।

প্রসঙ্গত, দর্শকরা ‘মোয়ানা’ দেখবে পাবে ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমাস, সিলভার স্ক্রিন এবং শ্যামলী সিনেপ্লেক্সেও।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading