এবার বুড়িগঙ্গার তীরে সিনেপ্লেক্স
উত্তরদক্ষিণ মূদ্রিত সংস্করন ২৭ অক্টোবর ২০১৯ ০০:০০
কিছুদিন আগেই মহাখালীতে স্টার সিনেপ্লেক্স তাদের তৃতীয় শাখা উদ্বোধন হয়েছে। এবার বুড়িগঙ্গা তীরে চালু হতে যাচ্ছে আরেকটি মাল্টিপ্লেক্স। এটি আনছে লায়ন সিনেমাস। তবে এটির তত্ত্বাবধানের দায়িত্বে থাকছে জয় সিনেমাস নামের আরেকটি প্রতিষ্ঠান। সম্প্রতি লায়ন সিনেমাসের কর্ণধার মীর্জা আব্দুল খালেক এবং জয় সিনেমাসের ব্যবস্থাপনা পরিচালক আহাদ মোহাম্মদের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়। সেসময় আরও উপস্থিত ছিলেন জয় সিনেমাসের চেয়ারম্যান নাভিদুল হক ও পরিচালক মুশফিকুর রহমান। এ প্রসঙ্গে জয় সিনেমাসের ব্যবস্থাপক বায়জিদ হাসান শাওন বলেন, ‘অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে গত বছর মাল্টিপ্লেক্সটির কাজ শুরু হয়। এখন কাজ প্রায় শেষের দিকে। ১৬ ডিসেম্বর আমরা প্রেক্ষাগৃহটি চালু করতে যাচ্ছি।’ এ প্রসঙ্গে লায়ন সিনেমাসের কর্ণধার মীর্জা আব্দুল খালেক বলেন, লায়ন সিনেমাস শুধুমাত্র একটি প্রেক্ষাগৃহ নয় বরং এদেশের সিনেমার ইতিহাসের একটি অংশ। সে জন্য আমরা চাই অতীতের মতই সগৌরবে টিকে থাক লায়ন সিনেমাস। জয় সিনেমাসকে পাশে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। তিনি আরও জানান, লায়ন সিনেমাসে নিয়মিত বাংলাদেশের সিনেমা দেখানো হবে। পাশাপাশি বলিউডের সিনেমাও মুক্তি দেওয়া হবে।

