দুর্দান্ত জয়ে আবার দুইয়ে ম্যানসিটি
উত্তরদক্ষিণ মূদ্রিত সংস্করন ২৮ অক্টোবর ২০১৯ ০০:০০
প্রিমিয়ার লিগে লিস্টার সিটির রেকর্ড গোলের জয়ে তিনে নামতে হয়েছিল ম্যানচেস্টার সিটিকে। গত শনিবার (২৬ অক্টোবর) অ্যাস্টন ভিলাকে ৩-০ গোলে হারিয়ে আবার দুইয়ে উঠলো চ্যাম্পিয়নরা। এই জয়ে লিস্টারকে পেছনে ফেলে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠলো ম্যানসিটি। ১০ ম্যাচে ২২ পয়েন্ট তাদের, ২০ পয়েন্ট নিয়ে তৃতীয় লিস্টার। এক ম্যাচ কম খেলে ২৫ পয়েন্টে সবার ওপরে লিভারপুল। ইতিহাদ স্টেডিয়ামে বৃষ্টিভেজা ম্যাচে প্রথমার্ধে গোলমুখের সামনে লড়াই করতে হয়েছে ম্যানসিটিকে। আর একাধিক সুযোগ নষ্ট করে লিস্টার। দ্বিতীয়ার্ধের শুরুতে ম্যাচে চালকের আসনে বসে সিটিজেনরা। বিরতি থেকে ফেরার ২০ সেকেন্ড পর গ্যাব্রিয়েল জেসুসের ফ্লিক থেকে রহিম স্টারলিং মৌসুমের ১৩তম গোল করেন। জেসুসের ব্যবধান দ্বিগুণ করার চেষ্টা গোললাইন থেকে ব্যর্থ করে দেন ভিলা সেন্টার ব্যাক টাইরন মিংগস। ৬৫ মিনিটে কেভিন ডি ব্রুইনের ক্রস প্রতিপক্ষ খেলোয়াড়দের বোকা বানিয়ে জালে জড়ায়। ম্যানসিটির তিন পয়েন্ট সুনিশ্চিত হয় ৫ মিনিট পর। কর্নার থেকে বল পেয়ে বার্নার্ডো সিলভা শট নেন লক্ষ্যে, প্রতিপক্ষ খেলোয়াড় সেটা ফিরিয়ে দিলে ইকে গুন্ডোগান দুর্দান্ত গোল করেন। ম্যানসিটি খেলা শেষ করেছে ১০ জন নিয়ে। ৮৭ মিনিটে ভিলার খেলোয়াড় ডেভিসকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন ফের্নান্দিনিয়ো।

