নারীর সৌন্দর্যে শাড়ী
উত্তরদক্ষিণ অনলাইন । ৩০ অক্টোবর ২০১৯ । আপডেট ১৮:২০
আবহমান বাংলার নারী সর্বদাই তার সৌন্দর্য খুঁজে পেয়েছে শাড়িতে। সময়ের প্রেক্ষাপটে বাঙালি নারীর বসনে এসেছে নানা সাজ, বিভিন্ন রূপ। তবু শাড়িতেই যেনো সবচেয়ে সুন্দর নারী। আধুনিকতার ছোঁয়ায় শাড়ির ব্যবহার এখন কম বললেই চলে। বিশেষ করে এই প্রজন্মের তরুণীদের কাছে। তবে শাড়ি পরার মুহূর্ত আসলে তা যেন একটু অন্যরকমই। বাঙালী সংস্কৃতির বিশেষ দিনগুলোতে শাড়ির ব্যবহার যথার্থই হয়ে উঠে নারীদের কাছে। আমাদের দেশের বেনারসি, মসলিন কিংবা জামদানি শাড়ি অন্য সবার চেয়ে গুণে ও মানে অনেক এগিয়ে।
কেউ যদি এসব শাড়িতে নিজের ইচ্ছা অনুযায়ী নকশা করতে চান, তাহলে সেটিই তৈরি করে দিতে পারেন কারিগররা। বাংলার এই শাড়ির ঐতিহ্য টিকিয়ে রাখার সম্পূর্ণ কৃতিত্ব বাঙালি রমণীদের। এই পোশাকটির সঙ্গে বাঙালিয়ানার টান রয়েছে। হরেক রকমের বাহারি ডিজাইনের হালকা, আরামদায়ক এবং সব বয়সের জন্য মানানসই জর্জেট শাড়ি পরার মজাটাই আলাদা। এগুলো এখনকার আবহাওয়ার সঙ্গে মানিয়েও যায় বেশ। কড়া রোদেও যেমন গরম লাগে না তেমন আবার বৃষ্টির পানি লাগলেও শুকিয়ে যায় বেশ তাড়াতাড়ি। জর্জেট, শিফন জর্জেটের শাড়িগুলোতে রয়েছে ঐতিহ্য আর বৈচিত্র্যের দারুণ মিশ্রণ। ফুলেল নকশা, কলকা, লতাপাতা, জ্যামিতিক নকশা, একরঙার সঙ্গে চিকন লেস এখন বেশি দেখা যাচ্ছে।
কর্মক্ষেত্রে পরার জন্য পোলকা ডট, জ্যামিতিক নকশা, বিমূর্ত নকশা বেছে নিতে পারেন। আবার একরঙা জর্জেট শাড়িতে কাপড় লাগিয়ে বৈচিত্র্য আনতে পারেন। এতে আপনাকে ভালো মানানসই লাগবে। প্রিন্ট এবং একরঙা পাড়ের জর্জেট শাড়িগুলোই এখন সময়ের সঙ্গে মানানসই। মোটিফ আর বুননে অনেক বেশি বৈচিত্র্য রয়েছে সিল্ক, হাফসিল্ক শাড়িতে। সিল্কে রয়েছে নানা রকমের বাহারি বৈচিত্র্যের ছোঁয়া। কোটা সিল্ক, জুট সিল্ক, চন্দ্রমুখী সিল্ক, কাতান, কাশ্মিরী, পার্বতী সিল্ক, সিল্ক শিফন, কাশ্মীর সিল্ক, সুপরা সিল্ক, বলাকা সিল্ক- সবই সিল্ক। হ্যান্ডপেইন্ট, কাটওয়ার্ক, কাঁথাস্টিক, ব্লক, মিরর, কারচুপি, বাটিক, ভেজিটেবল ডাই সবই খুঁজে পাওয়া যায় এই সিল্ক শাড়িতে। আর তাই নানা ধরনের সিল্ক যেমন বেছে নেয়া যায় অফিসে পরার জন্য ঠিক তেমনি অনায়াসে পরা যায় বাসা-বাড়িতে এমনকি যে কোনো পার্টিতেও। রয়েছে হালকা রং নকশার কিংবা গর্জিয়াস কাজেরও।
যেখানে পাবেন: শাড়ি কিনতে চাইলে আপনি যেতে পারেন বিভিন্ন মার্কেটে। এ ছাড়া অনেক মার্কেট যেমন- যমুনা ফিউচার পার্ক, নিউমার্কেট, বসুন্ধরা সিটি, কর্ণফুলী গার্ডেন সিটি, ইস্টার্ন প্লাজা, মৌচাক মার্কেট, গাউছিয়া, বেইলি রোড, মিরপুর, নাভানা টাওয়ার, রাপা প্লাজাসহ বিভিন্ন মার্কেটে পাওয়া যাবে নানা ডিজাইনের শাড়ি। আর এসব শাড়ির দামও কিন্তু আপনার ক্রয়ক্ষমতার মধ্যেই।

