শ্রীলঙ্কার বিপক্ষে শেষ টি-টোয়েন্টি সরে দাঁড়ালেন ম্যাক্সওয়েল
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০১ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৩৯
মানসিক অসুস্থতায় কিছুদিনের জন্য ক্রিকেট থেকে ছুটি নিয়েছেন অস্ট্রেলিয়া অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। আর এ জন্যই শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি থেকে সরে দাঁড়ালেন তিনি।
আজ (১ নভেম্বর) ম্যাক্সওয়েলের বদলে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে নামবেন ডি’আর্চি শর্ট। অস্ট্রেলিয়ান টিমের মনোবিদ মাইকেল লয়েড জানান, দলের সাপোর্ট স্টাফদের সঙ্গে কথা বলে কিছুদিন ক্রিকেটের বাইরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন ম্যাক্সওয়েল। ক্রিকেট অস্ট্রেলিয়াও তার এই সিদ্ধান্ত মেনে নিয়েছে। মানসিক অসুস্থতার কোনও প্রভাব দেখা যায়নি ম্যাক্সওয়েলের সবশেষ দুই ম্যাচের পারফরম্যান্সে। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে ২৮ বলে করেন ৬২ রান, দ্বিতীয় ম্যাচে ব্যাট করতে হয়নি তাকে। ক্রিকেট অস্ট্রেলিয়ার পূর্ণ সমর্থনে এই ছুটি নিচ্ছেন ম্যাক্সওয়েল।
এক বিবৃতিতে সিএ জানিয়েছে, ‘আমাদের খেলোয়াড় ও স্টাফদের ভালো থাকার বিষয়টা আমরা সর্বোচ্চ প্রাধান্য দিয়ে থাকি। গ্লেনের ভালো থাকা নিশ্চিত করতে ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের সেরা চেষ্টা করবে। গ্লেন এবং তার পরিবার ও বন্ধুদের সময় দেওয়ার অনুরোধ করছি প্রত্যেককে। এই মুহূর্তে তাদের একান্ত সময় কাটানোর সুযোগ দিতে হবে। সে আমাদের একজন বিশেষ খেলোয়াড় এবং খুব গুরুত্বপূর্ণ ক্রিকেটার। আশা করি এই মৌসুমে সে ফিরবে, খুশি হয়ে উত্ফুল্ল মনে।’

