সখীপুরে যুবককে পিটিয়ে হত্যা গ্রেপ্তার ১
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০৫ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:১৫
টাঙ্গাইলের সখীপুরে মাদকের জন্য ময়নাল হক (৩৩) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রাজু আহমেদ (২৯) নামে অভিযুক্ত মাদকাসক্ত এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল সোমবার (৪ নভেম্বর) সখীপুর থানার পরিদর্শক (তদন্ত) এএইচএম লুত্ফুল কবির এ তথ্য জানান। নিহত ময়নাল পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মৃত আবদুল খালেকের ছেলে এবং গ্রেপ্তার রাজু একই ওয়ার্ডের মৃত রমজান আলীর ছেলে। নিহতের পরিবারের বরাত দিয়ে এএইচএম লুত্ফুল কবির জানান, গত শনিবার (২ নভেম্বর) ময়নাল তার বাড়ি থেকে বের হয়ে পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ডের ওমর মাস্টারের বাড়ির কাছে পৌঁছালে মাদকাসক্ত রাজু তার পথ আটকায়। সেসময় ময়নালের কাছে রাজু হেরোইন চান। তার কাছে হেরোইন নেই বলতেই রাজু লাঠি দিয়ে ময়নালকে পিটিয়ে পালিয়ে যায়। পরে গুরুতর আহতাবস্থায় ময়নালকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিত্সা নিয়ে কিছুটা সুস্থ হলে ময়নালকে গতকাল রবিবার (৩ নভেম্বর) সকালে বাড়ি নিয়ে যায় স্বজনরা। পরে ওইদিন রাতেই আবার ময়নাল অসুস্থ হয়ে পড়লে তাকে পুনরায় ওই স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। তিনি আরও জানান, এ ঘটনায় রাতেই নিহত ময়নালের স্ত্রী আর্জিনা বেগম বাদী হয়ে রাজুকে একমাত্র আসামি করে সখীপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে রাতেই অভিযান চালিয়ে আসামি রাজুকে গ্রেপ্তার করা হয়। গতকাল সোমবার সকালে টাঙ্গাইল আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

