মাহির বিরুদ্ধে পরিচালকের অভিযোগ
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০৭ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:০১
ঢাকাই সিনেমার অগ্নি কন্যা হিসেবে খ্যাত মাহিয়া মাহি। গত মাসেই মুক্তি পেয়েছে তার অভিনীত ছবি ‘অবতার’। এটি ব্যবসায়সফল না হলেও মাহির অভিনয়ের প্রশংসা করেছে অনেকেই। তবে ছবিটি থেকে বাড়তি টাকা নেয়ার অভিযোগ তুলেছেন নির্মাতা মাহমুদ শিকদার। তার অভিযোগ, ‘মাহি ‘ঢ্যাকা অ্যাটাক’ ছবির একটি গানে যে পোশাক পরেছিলেন, সেই পোশাকেই ‘অবতর’ সিনেমার গানেও অংশ নেন। অথচ এই পুরানো পোশাক নতুন বলে চালিয়ে আমার কাছ থেকে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেন। এবং পরবর্তীতে মাহি পোশাকগুলো ফেরত দেননি। শুটিং বন্ধ করে দিবে সেই ভয়ে তখন প্রতিবাদ করিনি।’ তিনি আরও বলেন, ‘মাহি আমাকে পোশাক রেডি করার আগেই আগাম বাজেট দেন। তিনটি পোশাকের জন্য ৭৫ হাজার টাকা নেন। এটি তার বাড়তি ইনকামের রাস্তা। পরিচালক দাবি করেন শুটিং এর সময় মাহি যে পোশাকটি পড়েছেন তা ছেড়া ছিল। এবং এটি অন্য ছবির পোশাক ছিল। তবে সে বাধ্য করেছেন টাকা দিতে। শুধু পোশাকই নয় যাতায়াত ভাতাসহ নানা ইস্যুতে পরিচালক ও প্রযোজকদের জিম্মি করেন শিল্পীরা। মাহি উওরা থেকে আশুলিয়া যেতে কনভেন্স নিয়েছেন ৪ হাজার টাকা, মানিকগঞ্জ যেতে নিয়েছেন ৮ হাজার টাকা। অথচ ছবিটি মুক্তির সময় প্রচারবিমুখ ছিল নায়িকা মাহিয়া মাহি। তখন মাহমুদ হাসান শিকদার আক্ষেপ করে জানান, মাহির সাথে বারবার যোগাযোগ করার চেষ্টা করলেও সে ফোনটি রিসিভ করেনি। মাহি যদি প্রচারণায় আসতো তাহলে ছবিটির রেসপন্স আরও ভালো হত। এ বিষয়ে মাহিয়া মাহির সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘পরিচালক প্রমাণ করতে পারলে পোশাকের টাকা ফেরত দেব। তার সাথে যে অনুযায়ী আমার চুক্তি হয়েছে সে অনুযায়ী তার সাথে কাজ করেছি। চুক্তির সময় এ বিষয়গুলো উল্লেখ ছিল। এখন যদি এ রকমের অভিযোগ করে তাহলে আমার কিছু করার নেই।’ এ প্রসঙ্গে প্রযোজক সমিতির সহকারী সম্পাদক আলিমুল্লাহ খোকন বলেন, ছবিটির প্রযোজক যদি সমিতিতে অভিযোগ করেন, তাহলে আমরা এর সঠিক তদন্ত করে ব্যবস্থা নিতে পারি।

