আমাকে ছাড়া নির্বাচন হলেও সমস্যা নেই – মোরালেস
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ১৭ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৩৬
বলিভিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ইভো মোরালেস বলেছেন, দেশে গণতন্ত্রের স্বার্থে, তাকে বাদ দিয়ে কোনো নির্বাচন হলেও তাতে তার কোনো ‘সমস্যা নেই’। বামপন্থি এ নেতার এমন অবস্থান দেশটিতে জিনাইন আনিয়েজ নেতৃত্বাধীন অন্তবর্তী সরকার ও মোরালেসের মুভমেন্ট ফর সোশালিজম (এমএএস) দলের মধ্যে বিরোধ মেটাতে ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিতর্কিত এক নির্বাচনের ফল নিয়ে বিক্ষোভ-সহিংসতার জেরে সেনাবাহিনী মোরালেসকে পদত্যাগ করতে বললে আদিবাসী এ নেতা তাতে সাড়া দিয়ে মেক্সিকোতে রাজনৈতিক আশ্রয় নেন। তার এ পদত্যাগ প্রত্যাখ্যান ও সিনেটের অনুমোদন ছাড়া আনিয়েজের নিজেকে ‘অন্তবর্তী প্রেসিডেন্ট’ ঘোষণার প্রতিবাদে মঙ্গলবার থেকেই রাজধানী লা পাজ ও বলিভিয়ার বিভিন্ন শহরে মোরালেস সমর্থকরা অবস্থান নিয়ে আছে বলে জানিয়েছে। এমএএস নেতৃত্বাধীন সিনেট মোরালেসের পদত্যাগপত্র এখনও গ্রহণ না করায় বামপন্থি এ নেতা কার্যত এখনও দেশটির প্রেসিডেন্ট পদেই আছেন। মেক্সিকোতে রয়টার্সকে দেয়া সাক্ষাত্কারে তিনিও সেকথাই বলেছেন। ‘গণতন্ত্রের স্বার্থে, তারা যদি আমাকে নির্বাচনে দেখতে না চায়, আমার কোনো সমস্যা নেই। আমি কেবল বিস্মিত হচ্ছি, ইভোকে নিয়ে তাদের এত ভয় কেন?,’ প্রশ্ন বলিভিয়ার প্রথম এ আদিবাসী প্রেসিডেন্টের। তার এ পদত্যাগকে কেন্দ্র করে লাতিনজুড়ে নতুন অস্থিরতা সৃষ্ট্রি হতে পারে বলেও পর্যবেক্ষকদের অনেকেই আশঙ্কা করছেন। সাক্ষাত্কারে মোরালেস তার দলের সঙ্গে বিরোধীদের আলোচনাকে স্বাগত জানিয়ে বলেছেন, বলিভিয়ার সংবিধান অক্ষতু্ন রাখতে হলে আগামী জানুয়ারির মধ্যেই দেশটিকে একজন নির্বাচিত প্রেসিডেন্ট ও সরকার বেছে নিতে হবে।

