ট্রাম্পের সেই ফোনালাপ ‘অস্বাভাবিক’ ছিল

ট্রাম্পের সেই ফোনালাপ ‘অস্বাভাবিক’ ছিল

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২১ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৫২

রাজনৈতিক প্রতিদ্বন্দী জো বাইডেনের বিরুদ্ধে তদন্তের জন্য ইউক্রেনকে চাপ দিতে গিয়েই নিজেই অভিশংসন তদন্তের মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত মঙ্গলবার এ তদন্তের শুনানিতে অংশ নিয়ে খোদ হোয়াইট হাউসের কর্মকর্তারাই বলছেন, ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের এ সংক্রান্ত ফোনালাপ ছিল অশোধন ও অস্বাভাবিক। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ওই ফোনালাপ ফাঁস হলে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে ঝড় উঠে। ফাঁস হওয়া ফোনালাপে দেখা যায়, সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন ও তার ছেলে হান্টার বাইডেনের বিরুদ্ধে তদন্তের জন্য ইউক্রেনের প্রেসিডেন্টকে রীতিমতো চাপ দিচ্ছেন ট্রাম্প। ওই ফোনকলের অনুলিপিও গোপন করতে চেয়েছিল হোয়াইট হাউস। তবে শেষ পর্যন্ত ওই প্রচেষ্টা ব্যর্থ হয়। হোয়াইট হাউসের ফোনকলের প্রতিলিপিতে দেখা গেছে, ট্রাম্প গত ২৫ জুলাই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে এই তদন্তের জন্য বারবার চাপ দিচ্ছিলেন। ওই ফোনালাপের ভিত্তিতে গোয়েন্দা সংস্থার একজন সদস্য আনুষ্ঠানিক অভিযোগ করার পর ট্রাম্পের অভিশংসনের দাবি সামনে আসে। ট্রাম্পকে প্রেসিডেন্সি থেকে সরাতে তদন্ত শুরু করে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট দলীয় সদস্যরা। তবে এই তদন্তকে ন্যাক্কারজনক হিসেবে আখ্যায়িত করেছেন ট্রাম্প। গত মঙ্গলবার ট্রাম্পের অভিশংসন সংক্রান্ত কংগ্রেশনাল কমিটির শুনানিতে অংশ নেন হোয়াইট হাউসের একাধিক উর্ধ্বতন কর্মকর্তা। হোয়াইট হাউসের ইউক্রেন বিষয়ক জাতীয় নিরাপত্তা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল আলেক্সান্ডার ভিন্ডম্যান এবং ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স-এর পররাষ্ট্র নীতি বিষয়ক সহযোগী জেনিফার উইলিয়ামস-ও শুনানিতে অংশ নেন। তারা জানান, ২৫ জুলাইয়ের ওই ফোনালাপ শোনার পর বিষয়টি নিয়ে তারা উদ্বিগ্ন ছিলেন। ইউক্রেন বিষয়ক জাতীয় নিরাপত্তা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল আলেক্সান্ডার ভিন্ডম্যান বলেন, ওই ফোন কলটি নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। এতে আমি যা শুনেছি তা যথার্থ ছিল না। হোয়াইট হাউসের আইনজীবীদের আমি আমার উদ্বেগের কথা জানিয়েছি। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নিজ দেশের একজন নাগরিক এবং রাজনৈতিক প্রতিপক্ষের ব্যাপারে তদন্তের জন্য বিদেশি সরকারের কাছে দাবি তুলবেন; এটা অশোভন। শুনানিতে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স-এর পররাষ্ট্র নীতি বিষয়ক সহযোগী জেনিফার উইলিয়ামস জানান, তার কাছে ইউক্রেনের নেতার প্রতি ট্রাম্পের আহ্বানকে অস্বাভাবিক মনে হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading