এসএ গেমস ক্রিকেটে বাংলার ছেলে-মেয়েদের জয়

এসএ গেমস ক্রিকেটে বাংলার ছেলে-মেয়েদের জয়

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০৫ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:১৬

দক্ষিণ এশিয়ান গেমসে (এসএ গেমস) ক্রিকেটে সোনা জয়ের মিশন শুরু করেছে বাংলাদেশ। গতকাল (৪ ডিসেম্বর) ছেলে-মেয়ে দুই ইভেন্টেই জয় পেয়েছে বাংলাদেশ। এদিন বাংলার দামাল ছেলেরা মালদ্বীপকে ১১০ রানে এবং মেয়েরা নেপালকে হারায় ১০ উইকেটে। কীর্তিপুরের ত্রিভুবন ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে আগে ব্যাট করে ৪ উইকেটে ১৭৪ রান করে বাংলাদেশ। জবাবে ১৯.২ ওভারে অলআউট হয় মালদ্বীপ। তানভীর ৪ ওভারে ১৯ রান দিয়ে ৫ উইকেট নেন। টস জিতে ব্যাটিংয়ে নেমে মোহাম্মদ নাঈম ৫৯ রানের জুটি গড়েন সৌম্য সরকারের সঙ্গে। ২৮ বলে চারটি চার ও একটি ছয়ে ৩৮ রান করে তিনি বিদায় নিলে ভাঙে এই উদ্বোধনী জুটি। সৌম্য ও নাজমুল হোসেন শান্ত তোলেন ঝড়। তাদের জুটি ছিল ৫৩ রানের। অধিনায়ক সৌম্য ৩৩ বলে ৪টি চার ও ২টি ছয়ে ৪৬ রান করে বিদায় নেন। এক চার ও ৩ ছয়ে ৩৮ বলে ৪৯ রানের ঝড়ো ইনিংস শেষে আউট হন শান্ত। শুরুটা ধীর হলেও টপ অর্ডারের এই তিন ব্যাটসম্যানের কল্যাণে শেষ দিকে বড় স্কোর গড়ে বাংলাদেশ। বড় লক্ষ্যে নেমে মালদ্বীপ তাদের প্রথম ৫ উইকেট হারায় তানভীরের বলে, ৪৫ রানের মধ্যে। মিনহাজুল আবেদীন আফ্রিদি ও আফিফ হোসেন জোড়া উইকেট নিলে ২০ রানের ব্যবধানে শেষ ৫ উইকেট হারায় মালদ্বীপ। দুই অঙ্কের ঘরে রান করেছেন শুধু দুই ওপেনার আহমেদ হাসান (১০) ও আলি ইভান (১২)। তানভীর তার দুর্দান্ত বোলিং দিয়ে জিতে নেন ম্যাচসেরা পুরস্কার। বাংলাদেশের পক্ষে দুটি করে উইকেট নেন আফিফ ও আফ্রিদি। বাকি উইকেটটি সৌম্যর। এদিকে পোখড়ায় টস জিতে নেপালকে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশের অধিনায়ক সালমা খাতুন।  ১৯.২ ওভারে গুটিয়ে যায় নেপাল।  কিন্তু স্কোরবোর্ডে তারা তুলতে পারে মাত্র ৫০ রান। সহজ লক্ষ্যে পৌঁছতে বাংলাদেশের দুই ওপেনার আগ্রাসন দেখিয়েছেন। ৭.৩ ওভারে ৫১ রান তোলেন দুই ওপেনার মুর্শিদা ও আয়েশা।  মুর্শিদা ২৩ ও আয়েশার ব্যাট থেকে আসে ২৬ রান।  মুর্শিদা হাঁকান ৪টি চার। আয়েশা ৩ চারের সাথে হাঁকান একটি ছক্কা।  ৭৪ বল আগে ১০ উইকেটের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন রাবেয়া খান।  ৪ ওভারে ২ মেডেনে ৮ রানে ৪ উইকেট নেন তিনি।  এছাড়া পেসার জাহানারা ছিলেন মিতব্যয়ী। ৩ ওভারে ১ মেডেনে ২ রানে ২ উইকেট পেয়েছেন ডানহাতি পেসার। ১০ রানের ব্যয়ে ১টি করে উইকেট পেয়েছেন সালমা ও নাহিদা। এর আগে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ হারায় শ্রীলঙ্কাকে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading