বরিসের জয়ে ট্রাম্পের উল্লাস
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ১৪ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৫৬
ব্রিটেনের সংসদ নির্বাচনে কনজারভেটিভ দলের বিজয় নিশ্চিত হওয়ায় আবারও ব্রিটিশ প্রধানমন্ত্রী হচ্ছেন বরিস জনসন। হাউস অব কমন্সের ৬৫০টি আসনের মধ্যে ৬৪৯টি আসনের ফলাফল প্রকাশিত হয়েছে। এর মধ্যে বরিস জনসনের কনজারভেটিভ পার্টি পেয়েছে ৩৬৪ আসন এবং জেরিমি করবিনের লেবার পার্টি পেয়েছে ২০৩ আসন। ৬৫০ আসনের হাউস অব কমন্সে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের জন্য প্রয়োজন ৩২৬ আসন।
কিন্তু কনজারভেটিভরা তার চেয়েও অনেক বেশি আসন পেয়েছে। বরিস জনসনের এই অভাবনীয় জয়ে উল্লাস প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিজয়ের জন্য বরিস জনসনকে অভিনন্দন জানিয়ে ট্রাম্প টুইট করেছেন।
সেখানে তিনি লিখেছেন, ব্রেক্সিটের পর ব্রিটেন এবং যুক্তরাষ্ট্র স্বাধীনভাবে নতুন একটি বড় ধরনের বাণিজ্য করতে পারবে। ব্রিটেনের সঙ্গে এ সংক্রান্ত নতুন চুক্তি অনেক বড় এবং আকর্ষণীয় হতে পারে বলে তিনি ইঙ্গিত দেন। একইভাবে উল্লাস প্রকাশ করেছে ইহুদিবাদী ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাত্স। এক টুইটে বরিস জনসনকে অভিনন্দন জানিয়েছেন তিনি। নির্বাচনের আগে তিনি এক হস্তক্ষেপমূলক বক্তব্যে ব্রিটেনের লেবার পার্টিকে পরাজিত করার আহ্বান জানিয়েছিলেন। খবর পার্সটুডের।

