ক্যারিবিয়ান কিংবদন্তি ব্যাটসম্যান বুচার আর নেই
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ১৮ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:০২
চলে গেলেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক ব্যাটসম্যান বাসিল বুচার। গত সোমবার (১৬ ডিসেম্বর) ফ্লোরিডায় ৮৬ বছরে বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ক্যারিবিয়ানদের হয়ে বুচার ১৯৫৮-১৯৬৯ সালের মধ্যে ৪৪ টেস্টে ৪৩ গড়ে ৩১০৪ রান সংগ্রহ করেন। ইন্ডিয়ার বিপক্ষে অভিষেক সিরিজে ৬৯.৪২ গড়ে ৪৮৬ রান করেন তিনি। প্রথম আর্মেন্ডিয়ান বংশোদ্ভূত ক্রিকেটার হিসেবে বুচার স্মরণীয় হয়ে আছেন ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে ১৯৬৩ সালে ১৩৩ এবং ১৯৬৬ সালে নটিংহামে অপরাজিত ২০৯ রানের ইনিংসের জন্য। ১৯৭০ সালে উইজডেন বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হন তিনি। সীমিত সময়ের এই ক্যারিয়ারে ১৬ ফিফটির পাশাপাশি ৭ সেঞ্চুরি করেছেন বুচার। ব্যাটিংয়ের পাশাপাশি মাঝেমধ্যে লেগ স্পিনও করতেন তিনি। ১৯৬৮ সালে পোর্ট অব স্পেনে ইংল্যান্ডের বিপক্ষে এক ইনিংসে ক্যারিয়ার সেরা ৫ উইকেট নেন এই সাবেক তারকা। টেস্টে উইকেট বলতে এই পাঁচটিই আছে তার। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিডনি এবং অ্যাডিলেডে ব্যাক টু ব্যাক সেঞ্চুরিয়ান বুচারকে প্রশংসা করে অজি সাবেক অধিনায়ক রিচি বেনাউদ বলেন, ‘ওয়েস্ট ইন্ডিয়ানদের মধ্যে সবচেয়ে কঠিন ছিল তাকে আউট করা।’

